নান্দাইলে প্রেমিকার শ্লীলতাহানির চেষ্টা!
মুঠোফোনে অপরিচিত নম্বরের সূত্র ধরে পরিচয়। টুকটাক কথাবার্তা। এরপর দুজনের মধ্যে ভালোবাসা। আট মাস পর কাছে পেয়ে প্রেমিক মো. মোস্তফা (২০) সেই ভালোবাসার মানুষের শ্লীলতাহানির চেষ্টা করে। অবশেষে ক্ষুব্ধ প্রেমিকা (১৫) পথচারীদের সহায়তায় মোস্তফাকে পুলিশে দেয়। গতকাল বুধবার মেয়েটি মোস্তফাকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছে।
মেয়েটির বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়। মোস্তফার বাড়ি নান্দাইলের মুশুলি ইউনিয়নের গুমড়াকান্দা গ্রামে।
মেয়েটি জানায়, সে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ে। মুঠোফোনে পরিচয় হয় মোস্তফার সঙ্গে। আট মাস ধরে সম্পর্ক তৈরি হওয়ার পর মোস্তফা তাকে বিয়ের প্রস্তাব দিয়ে ডেকে আনে। বাড়ির কাউকে না জানিয়ে সে গত মঙ্গলবার সকালে মোস্তফার সঙ্গে দেখা করে। পরে একসঙ্গে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। এ সময় মোস্তফা তার শ্লীলতাহানির চেষ্টা করে। সন্ধ্যার কিছু আগে তাকে নান্দাইল রোড বাজারের একটি দোকানের সামনে দাঁড় করিয়ে মোস্তফা সটকে পড়ার চেষ্টা করে। এ সময় সে চিৎকার করলে পথচারীরা মোস্তফাকে আটক করেন।
থানাহাজতে মোস্তফা জানায়, সে একটি কলেজে (কলেজের নাম বলতে চায়নি) পড়ালেখা করে। একদিন ভুল করে মেয়েটির মুঠোফোনে কল চলে যায়। এরপর মেয়েটির সঙ্গে তার কথা হয়। মেয়েটির কণ্ঠস্বর ও কথা বলার ভঙ্গি তার ভালো লাগে। এভাবে চলে যায় প্রায় আট মাস। এতে প্রেমিকার একটি সুন্দর রূপ সে মনে মনে তৈরি করে রাখে। কল্পনার সঙ্গে বাস্তবে মেয়েটির কোনো মিল না পেয়ে সে হতাশ। এ কারণে তাকে বিয়ে করা সম্ভব নয়। তবে সে মেয়েটির শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করে।
এ ব্যাপারে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে জানান, মেয়েটি থানায় শ্লীলতাহানির অভিযোগ দিয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।