নান্দাইলে বখাটের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ
প্রেমে সাড়া না দেওয়ায় গত রোববার এক বখাটে অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার পাশাপাশি থাপড় মেরেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের নান্দাইল পৌর শহরে গত রোববার এ ঘটনা ঘটে। গতকাল সোমবার ওই ছাত্রীসহ আরও ছয় ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নাম প্রকাশে অনিচ্ছুক দুই ছাত্রী জানায়, রোববার দুপুর ১২টার দিকে তারা নান্দাইল পৌর শহরের নতুন বাজার দিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় হৃদয় মিয়া (২০) নামের এক বখাটে তাদের এক বান্ধবীকে প্রেমের প্রস্তাব দেয়। এ সময় হৃদয়ের সঙ্গে তার কয়েকজন বন্ধুও ছিল। পরে ওই ছাত্রী ভয়ে দ্রুত চলে যেতে চাইলে হৃদয় তার সঙ্গে অশালীন আচরণ ও তাকে ধরে থাপড় মারে। এ ধরনের আচরণে ভয় পেয়ে তারা (ছাত্রীরা) ওই এলাকা দ্রুত ত্যাগ করে।
ওই ছাত্রীর মামা জানান, গতকাল তিনি তাঁর ভাগনিকে বিদ্যালয়ে পৌঁছে দেন। পরে বখাটেদের উত্ত্যক্তের শিকার তাঁর ভাগনি ও আরও ছয় ছাত্রী ঘটনাটি লিখিতভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের আবেদনটি ইউএনওর কার্যালয়ে পৌঁছে দেয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ জানান, ছাত্রী বা তার পরিবার থানায় অভিযোগ দিলে বখাটের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।