নান্দাইলে বাবা ও তিন ছেলে হত্যা মামলা ডিবিতে
গোয়েন্দা পুলিশের (ডিবির) হাতে তুলে দেওয়া হয়েছে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চাঞ্চল্যকর বাবা ও তিন ছেলে হত্যার ঘটনায় করা মামলাটি। নান্দাইল মডেল থানা গতকাল বুধবার এ মামলার তদন্তভার হস্তান্তর করে।
উপজেলার বাঁশহাটি গ্রামের বিল্লাল হোসেন ও তাঁর তিন ছেলে গত শুক্রবার রাতে হত্যাকাণ্ডের শিকার হন। নিহত বিল্লালের স্ত্রী বানেছা রোববার রাতে ভাশুর লাল মিয়া ও তাঁর দুই ছেলে জামাল হোসেন ও কামাল হোসেন এবং দেবর কাজল মিয়ার দুই ছেলে হিরণ মিয়া ও আবুল মিয়াসহ ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে নান্দাইল মডেল থানায় মামলা করেন।
একাধিক সূত্রে জানা যায়, শুরু থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনাটির ছায়া তদন্ত করে আসছে ডিবি। সংস্থাটি ঘটনার পরদিন শনিবার রাতে বাঁশাহাটি এলাকার আলী আকবর ও হারুন মিয়া নামে দুজনকে জিজ্ঞাসাবাদ করতে আটক করে। পরে আলী আকবরকে ছেড়ে দেওয়া হয়। আর হারুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। তাঁর দেওয়া জবানবন্দীর সূত্র ধরেই সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসামি হিরণ মিয়াকে গ্রেপ্তার করে ডিবি।
মামলাটি ডিবির হাতে তুলে দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল থানার ওসি সৈয়দ আবদুল্লাহ।