নান্দাইলে বাবা ও তিন ছেলেকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গতকাল শুক্রবার রাতে এক পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামের বেলাল মিস্ত্রির (৫৭) বাড়িতে গতকাল রাত সাড়ে নয়টার দিকে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় ওই দুর্বৃত্তরা বেলালের বসতঘরে ঢুকে বেলাল ও তাঁর ছেলে পাভেলকে (১৬) দা ও চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় বেলালের ছেলে ফরিদ মিয়া (৩৫) ও হিমেল মিয়া (১৫) দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁদের রাস্তায় কুপিয়ে হত্যা করে ওই দুর্বৃত্তরা। এ ঘটনায় বেলালের স্ত্রী বানেছা বেগমও (৫৩) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে দ্রুত উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ওই বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গতকাল সকালে বেলালের পরিবারের সঙ্গে তাঁর এক চাচাতো ভাইয়ের পরিবারের ঝগড়া হয়। তাঁদের ধারণা, ওই ঝগড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে ওসি সৈয়দ আবদুল্লাহ গতকাল রাত ১১টার দিকে প্রথম আলোকে জানান, ঘটনা কেন ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। বানেছা সুস্থ হলে এ ব্যাপারে তথ্য পাওয়া যেতে পারে।