নান্দাইলে বাল্যবিবাহ বন্ধ, ত্রিশালে ভুয়া কাজি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিবাহের হাত থেকে রেহাই পেয়েছে এক কিশোরী। এ ছাড়া ত্রিশাল উপজেলায় বাল্যবিবাহ নিবন্ধন করানোর সময় এক ভুয়া কাজিকে আটক করা হয়েছে। গতকাল সোমবার এসব ঘটনা ঘটে।

নান্দাইলের ইউএনও মো. হাফিজুর রহমান বলেন, উপজেলার বাঁশহাটি গ্রামের একটি বাড়িতে বাল্যবিবাহের প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া যায়। কনে ও বর উভয়েই অল্প বয়সী। পরে দুপুরে তিনি ওই গ্রামে গিয়ে জানতে পারেন, উভয় পরিবারের সম্মতি ছাড়াই ওই বিয়ের আয়োজন চলছিল। কনের মা-বাবাকে ডেকে মেয়েকে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। বরের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হয়। পরে উভয় পক্ষ বাল্যবিবাহ করাবে না বলে অঙ্গীকার করে। বিষয়টি নজরদারিতে রাখার জন্য স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়।

ময়মনসিংহের ত্রিশালে আটক হওয়া ভুয়া কাজির নাম চান মিয়া (৫০)। তাঁর বাড়ি ত্রিশাল উপজেলার বানিয়াধলা গ্রামে।

ত্রিশালের ইউএনও আবু জাফর রিপন বলেন, দুপুরে উপজেলার একটি গ্রামে দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। ছাত্রীর বাবা বাল্যবিবাহ দিতে আপত্তি করলে ভুয়া কাজি তাঁকে বিয়ে দিতে উদ্বুদ্ধ করেন। খবর পেয়ে দুপুরে ইউএনও ও ত্রিশাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজি চান মিয়ার কাছে ছাত্রীর বয়সের সনদ দেখতে চান। এ সময় চান মিয়া সনদ দেখাতে অস্বীকৃতি জানান। পরে ইউএনওর নির্দেশে বাল্যবিবাহ বন্ধ করা হয় এবং কাজিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় বিকেলেই কাজির বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা করেন ছাত্রীর বাবা।

গ্রেপ্তার চান মিয়াকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, নিয়মবহির্ভূতভাবে একজন প্রকৃত কাজির কাছ থেকে চান মিয়া বিয়ের নিবন্ধন বই সংগ্রহ করেন। এর আগেও তিনি এ ধরনের কাজ করেছেন বলে জানা গেছে।