নান্দাইলে বাসে ধর্ষণের অভিযোগে চালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রামে গত মঙ্গলবার রাতে যাত্রীবাহী বাসে এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই নারী বুধবার নান্দাইল থানায় তিনজনকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
ধর্ষণের অভিযোগে হওয়া মামলার অন্যতম আসামি বাসের চালক আলমগীরকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দুই সহকারী মোশাররফ ও জালাল ঘটনার পর থেকে পলাতক। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চালক আলমগীর হোসেন গৌরীপুর উপজেলার পুম্বাইল গ্রামের জমশেদ ওরফে জুলহাসের ছেলে। তবে মোশাররফ ও জালালের ঠিকানা বলতে পারেনি পুলিশ।
এজাহারে ওই নারী অভিযোগ করেছেন, মঙ্গলবার রাতে নরসিংদী যাবে বলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে তাঁকে বাসে তোলা হয়। রাত ১১টার পর বাসটি নান্দাইল চৌরাস্তার মোড়ে আসার পর সব যাত্রী নেমে যায়। তখন বাসের চালক ও সহকারীরা বলে, বাসটি আর যাবে না। তারা রাতে ওই নারীকে বাসে থাকার জন্য বলে। তিনি নামতে চাইলে চালক ও সহযোগীরা তাঁকে ধর্ষণ করে।
তবে নান্দাইল থানার পুলিশের বিরুদ্ধে আক্রান্ত নারীকে হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার সকালে থানায় গিয়ে দেখা যায়, পুলিশ ‘অসামাজিক কাজে জড়িত থাকার’ অভিযোগে আক্রান্ত নারীকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনাটি অসামাজিক কর্মকাণ্ড দাবি করেন। সাংবাদিকেরা ওই নারীর সঙ্গে কথা বলতে চাইলে তাঁকে দ্রুত হাজতখানায় সরিয়ে নেয় পুলিশ।
প্রথম আলোর পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে পুলিশের দাবির সঙ্গে স্থানীয় লোকজনের বক্তব্যের গরমিল পাওয়া যায়। স্থানীয় এনামুল হক বলেন, তিনি মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাড়ি ফিরছিলেন। বারুইগ্রাম চৌরাস্তায় স্থানীয় একটি মাদ্রাসার সামনে দাঁড়ানো একটি বাস থেকে নারীর চিৎকার শুনতে পান। বাসের ভেতরে গিয়ে ওই নারীকে ধর্ষণের সময় তিনি ও স্থানীয় লোকজন চালক আলমগীরকে ধরে ফেলেন। এ সময় দুই সহকারী মোশাররফ ও জালাল জানালা দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। আলমগীরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তী সময়ে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী লোকজনের বক্তব্যের সঙ্গে পুলিশের বক্তব্যের গরমিলের কথা ওসি আতাউর রহমানকে জানানো হলে তিনি প্রথম আলোকে বলেন, ওই নারী বাদী হয়ে মামলা করতে রাজি হওয়ায় বাসের চালক ও সহকারীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে।
আতাউর রহমান দাবি করেন, ওই নারীকে হাজতে নেওয়া হয়নি। স্থানীয় লোকজন তাঁকে ভুল তথ্য দিয়েছিলেন। পরে আক্রান্ত ব্যক্তির সঙ্গে কথা বলে তিনি প্রকৃত ঘটনা নিশ্চিত হয়েছেন। আলমগীরকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।