নান্দাইলে ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গতকাল শুক্রবার মো. আবু বক্কর (৫৫) নামের এক ব্যক্তিকে তাঁর ছোট ভাই খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আবু বক্কর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে তেলিয়াপাড়া গ্রামের মো. খোকন মিয়ার ঘরের বারান্দায় বড় ভাই আবু বক্করের একটি ছাগল মলমূত্র ত্যাগ করে। এ ঘটনায় খোকনের স্ত্রী শ্রাবন্তী আক্তার তাঁর ভাশুর আবু বক্করকে গালমন্দ করেন। এর প্রতিবাদ করেন বক্করের স্ত্রী নাজমা বেগম। এ নিয়ে একপর্যায়ে দুই জায়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় নাজমাকে সরিয়ে নিতে আবু বক্কর ঘর থেকে উঠানে আসেন। চিৎকার-চেঁচামেচি শুনে খোকন মিয়া ঘুম থেকে উঠে বারান্দা থেকে গাছের ডাল দিয়ে বড় ভাই আবু বক্করের মাথায় আঘাত করেন। এতে আবু বক্কর মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্বজনেরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে নান্দাইল থানার এসআই রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত খোকনকে পায়নি।