নান্দাইলে ভুয়া কাগজ দেখিয়ে দলিল নিবন্ধনের চেষ্টা!
নামজারির জাল কাগজপত্র দেখিয়ে ময়মনসিংহের নান্দাইল সাবরেজিস্ট্রি কার্যালয়ে দলিল নিবন্ধনের চেষ্টার ঘটনা ধরা পড়েছে। গত সোমবার এ প্রতারণার বিষয়টি ধরে ফেলেন সাবরেজিস্ট্রার নূর নেওয়াজ। এ সময় অভিযুক্ত জমির মালিক সেখান থেকে পালিয়ে যান।
এ বিষয়ে গত বুধবার নূর নেওয়াজ বলেন, গত সোমবার দলিল লেখক মো. আবদুর রহিম নিবন্ধনের জন্য উপজেলার মুশুলি ইউনিয়নের দাপুনহাটি মৌজার সাত নম্বর খতিয়ানের ১ ও ১২ নম্বর দাগের ৬৫ শতক জমির একটি দলিল জমা দেন। নিবন্ধন করার আগে জমির নামজারির কাগজে নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দিনের সই দেখে তাঁর সন্দেহ হয়। পরে ওই কাগজপত্র ভূমি কার্যালয়ে পাঠিয়ে নামজারির গোটা প্রক্রিয়া জাল ও কাগজপত্র ভুয়া বলে তথ্য পেয়ে দলিলটি নিবন্ধন করেননি। এ ছাড়া তিনি জমির মালিককে এই অভিযোগে ধরার চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে যান।
তবে জাল কাগজপত্রের সাহায্যে দলিল নিবন্ধনের চেষ্টার অভিযোগ থাকলেও দলিল লেখকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে নূর নেওয়াজ বলেন, ‘দেখি এ ব্যাপারে কী করা যায়?’।
নামজারির কাগজের অনুলিপি সংগ্রহ করে দেখা যায়, উপজেলার রাজগাতী গ্রামের ছমির উদ্দিনের ছেলে জুয়েল মিয়ার নামে নামজারির খতিয়ান খোলা হয়। খতিয়ানে (মোকদ্দমা নম্বর ৮২৬) সহকারী কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দিন গত ২৮ জুলাই সই করেছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে জসীম উদ্দিন বলেন, তিনি গত ২২ এপ্রিল নান্দাইল থেকে বদলি হয়ে ময়মনসিংহ সদর ভূমি কার্যালয়ে যোগ দেন। তাঁর ওই সই সন্দেহাতীতভাবে জাল।
গত বুধবার সাবরেজিস্ট্রি কার্যালয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করেও দলিল লেখক আবদুর রহিমকে পাওয়া যায়নি। পরে তাঁর অন্য সহকর্মীর কাছ থেকে মুঠোফোন নম্বর জোগাড় করে ফোন করা হলে আবদুর রহিম দাবি করে বলেন, পার্টি (জমির মালিক) তাঁকে যে কাগজপত্র দিয়েছে সেই কাগজপত্রের ভিত্তিতে তিনি দলিল লিখেছেন। ওই কাগজ তো তিনি তৈরি করেননি। অভিজ্ঞতার আলোকে আপনার তো এসব কাগজপত্র চেনার কথা—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনার সঙ্গে দেখা করব। জমির মালিকের মুঠোফোন চাইলে তিনি তা দিতে পারেননি।’
এ বিষয়ে জমির মালিক জুয়েল মিয়ার সঙ্গে কথা বলার জন্য বুধবার বিকেলে তাঁর গ্রামে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। এ সময় প্রতিবেশীরা জানান, জুয়েল পরিবার নিয়ে ঢাকায় থাকেন।