নান্দাইলে মন্দিরের পুকুর দখল করে মাছ চাষ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার প্রাচীন রায়পাশা কালীমন্দিরের একমাত্র পুকুরটি দখল করে মাছ চাষ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মন্দিরের পুকুরটি দখল হয়ে যাওয়ায় প্রতিমা বিসর্জন দেওয়া নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ায় চলতি বছরের দুর্গাপূজার আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে।
মন্দিরের সেবাইত প্রাণতোষ বিশ্বাস পুকুর দখলের বিষয়ে নান্দাইল উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করলেও প্রশাসন পুকুরটি দখলমুক্ত করতে পারছে না।
অভিযোগের অনুলিপি ও সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা এলাকায় মোট ১ একর ৫২ শতক দেবোত্তর সম্পত্তি রয়েছে। ওই সম্পত্তির মধ্যে কালীমন্দির, পুকুর ও শ্মশানঘাট রয়েছে। প্রায় ৩২ শতক জমির ওপর পুকুরটি রয়েছে। দেবোত্তর সম্পত্তির মধ্যে মন্দিরটি বাদে প্রায় সব সম্পত্তি এলাকার প্রভাবশালী ব্যক্তিদের দখলে চলে গেছে। এ ছাড়া প্রশাসন জমির ওপর হাট বসিয়ে ইজারা আদায় করছে। গত ২৭ জুলাই রায়পাশা এলাকার আবদুর রাশিদ নামের এক ব্যক্তি মন্দিরের পুকুরটি দখল করে নিয়েছেন।
এ বিষয়ে আবদুর রাশিদ বলেন, কাগজপত্র অনুযায়ী পুকুরটি বাজারের জমির অংশ। আর তাঁর ছোট ভাই ওয়ারিছ উদ্দিন এই বাজারের ইজারাদার। এ কারণেই ওই পুকুরে তাঁদের মাছ চাষ করার অধিকার আছে। তবে ইজারা ডাকে উল্লেখ করা বাজারের চৌহদ্দি-সংক্রান্ত কাগজ দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।
প্রাণতোষ বিশ্বাস বলেন, পুকুরটি দখলমুক্ত করতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে গত ৩০ জুলাই আবেদন করেছেন। ইউএনওর কাছে দেওয়া আবেদনটি তদন্ত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রহুল আমীন। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিদের পুকুর দখলের পক্ষে কাগজপত্র দেখানোর নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন। কিন্তু তাঁরা কেউ আসেননি। অপর দিকে সহকারী কমিশনারকে দেওয়া আবেদনটি তদন্ত করেছেন জাহাঙ্গীরপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা পারুল সেন। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে কোনো কাগজ দেখাতে পারেননি।
ইউএনও মো. শাহানুর আলম বর্তমানে ছুটিতে রয়েছেন। তবে ছুটিতে যাওয়ার আগে ১৬ সেপ্টেম্বর তিনি বলেছিলেন, পুকুর দখলের বিষয়টি আবারও তিনি খতিয়ে দেখবেন।