নান্দাইলে মাদক, ছুরিসহ আ.লীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের নেতা মো. নাজিম উল্লাহকে গতকাল শুক্রবার আটক করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। ডিবি দাবি করেছে, তাঁকে মাদক, ধারালো ছুরিসহ আটক করা হয়েছে।
এ বিষয়ে ডিবি জেলা কার্যালয়ের উপপরিদর্শক মলয় চক্রবর্তী বলেন, গতকাল তাঁদের কাছে খবর আসে নাজিম উল্লাহ হেরোইন বিক্রি করেন। এ খবর পেয়ে ডিবির একজন নারী তথ্যদাতাকে (সোর্স) ক্রেতা সাজিয়ে নান্দাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নাজিমের কাছে পাঠানো হয়। আলাপচারিতার পর হেরোইনের পুরিয়া হস্তান্তরের সময় ডিবির সদস্যরা গতকাল বেলা সাড়ে তিনটার দিকে নাজিমকে হাতেনাতে আটক করেন। এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি ধারালো ছুরি পাওয়া যায়। তাঁকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নান্দাইল মডেল থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজিম উল্লাহ নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মহাজোট সরকারের আমলে তিনি সাংবাদিক নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।