নান্দাইলে মুঠোফোনে প্রতারণা
মুঠোফোনে প্রতারণা করে এক গৃহবধূর কাছ থেকে সাড়ে সাত হাজার টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। স্বামী ও সন্তানের অমঙ্গল হওয়ার আশঙ্কায় তিনি প্রতারককে ওই টাকা দিয়েছেন বলে জানিয়েছেন।
ওই গৃহবধূর নাম মাহমুদা আক্তার (২৬)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের মো. তরিকুল্লাহর স্ত্রী।
গত শুক্রবার মাহমুদা বলেন, ১৭ জুলাই মধ্যরাতের পর তাঁর মুঠোফোনে ০১৯৯২১০৯৭৭৩ নম্বর থেকে একটি কল আসে। নম্বরটি অপরিচিত হওয়ায় ফোনটি তিনি তাঁর শ্বশুরকে দিয়ে রিসিভ করান। অপরপ্রান্ত থেকে ফোনদাতা নিজেকে আলেম পরিচয় দিয়ে এক এতিম বাচ্চার কোরআন শরীফ কেনার জন্যে ১৬০ টাকা সহায়তা চান। মাহমুদা তাঁর দেবরকে দিয়ে ওই টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন। মাহমুদা আরও বলেন, পরের দিন ১৮ জুলাই আবার ফোন করেন আলেম পরিচয়দানকারী ওই ব্যক্তি। এ সময় তিনি নিজেকে বগুড়ার এক মাজারের খাদেম পরিচয় দিয়ে তাঁকে নানা ধর্মীয় অনুশাসন মেনে চলার পরামর্শ দেন। একপর্যায়ে তিনি বলেন, আল্লাহর তরফ থেকে তাঁর (গৃহবধূ মাহমুদা) জন্য সোনাভর্তি সাতটি হাঁড়ি বরাদ্দ হয়েছে। এ ধরনের ছয়টি হাঁড়ি জিনের মাধ্যমে তাঁর বাড়ির কাছাকাছি স্থানে পৌঁছানো হয়েছে। কিন্তু রাখার জায়গা না থাকায় ওই গৃহবধূ তা নিতে রাজি হননি। তখন ওই ফোনদাতা গৃহবধূকে স্বামী-সন্তানের ঘোর অমঙ্গল হবে বলে জানান। এ ধরনের কথায় ভয় পেয়ে সোনাভর্তি হাঁড়ি নিতে রাজি হন গৃহবধূ। পরে ওই ব্যক্তি তাঁর কাছে ১৪ হাজার টাকার জাকাত দাবি করেন। তিনি তাঁকে ৭ হাজার ৫৫১ টাকা দিতে রাজি হন। পরের দিন তিনি নান্দাইল শহরে এসে ০১৯২৮৬১৫৮৪৬ নম্বরে বিকাশ করে টাকাটা পাঠিয়ে দেন।
মাহমুদার বাইরে যাওয়ার ঘটনায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে জিজ্ঞেস করে তাঁর স্বামী ঘটনাটি জানতে পেরে তাঁর এক মামাকে জানান। মামা মো. কাইয়ুম মিয়া প্রতারণার বিষয়টি বুঝতে পেরে মাহমুদা ও তাঁর স্বামীকে সাংবাদিকদের কাছে নিয়ে আসেন। এই ঘটনায় মাহমুদা আক্তার গত শুক্রবার নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, প্রতারকদের মুঠোফোনের নম্বরগুলোর সিডিআর (কল ডিটেইল রেকর্ড) সংগ্রহ করতে সেগুলো জেলা পুলিশের গোয়েন্দা শাখার প্রযুক্তি বিভাগে পাঠানো হবে।