নান্দাইলে মেয়রের গাড়ি ভাঙচুর
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়ার গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১০টায় উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
মেয়র ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে উপজেলা ভূমি কার্যালয়-সংলগ্ন এলাকায় মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া নিজের কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছিলেন। তাঁর ব্যবহৃত সাদা রঙের গাড়িটি ভূমি কার্যালয়ের কাছাকাছি এলাকায় ছিল। এ সময় একদল দুর্বৃত্ত গাড়িটির দুই পাশের কাচ ভাঙচুর করে। খবর পেয়ে মেয়র ও নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি। ভাঙচুরের সময় গাড়ির চালক কিছুটা দূরে চায়ের দোকানে ছিলেন।
মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘গাড়ি ভাঙচুরের ঘটনায় কারা জড়িত সে বিষয়ে ধারণা পেয়েছি। গাড়ির চালক পুলিশের হেফাজতে আছেন। তাঁর কাছ থেকে পুলিশ আরও কিছু জানতে পারবে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ায় মামলা দিতে দেরি হচ্ছে।’