নান্দাইলে যানবাহনে চাঁদাবাজি

ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার তিনটি স্থানে যানবাহন থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সংগঠনের নামে ও পৌরসভার নাম ভাঙিয়ে অবাধে চাঁদাবাজি হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
যানবাহনের চালক ও শ্রমিকেরা বলেন, নান্দাইল পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সেতুর পশ্চিম পাশ ও নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়ক এলাকায় যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে। প্রতিদিন এই তিন স্থান থেকে ৫০ হাজার টাকার চাঁদা আদায় করা হয়। অথচ ৫০০ গজের মধ্যেই অবস্থিত উপজেলা প্রশাসনের দপ্তর ও থানা-পুলিশের কার্যালয়। পুলিশকেও আদায় করা চাঁদার ভাগ দেওয়া হয়। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে।
পুরাতন বাসস্ট্যান্ডে ইজিবাইক থেকে চাঁদা তোলা হচ্ছে শ্রমিক সমিতির নামে। ১১ জুন সেখানে গিয়ে ওই সমিতির কাউকে পাওয়া যায়নি। তবে ওসেন আলী নামের (২৭) এক যুবককে প্রতিটি ইজিবাইক থেকে ১০০ টাকা করে তুলতে দেখা যায়। এ জন্য টোকেন দেওয়া হচ্ছে, যাতে ‘১০০ টাকা পরিশোধ’ লেখা সিল রয়েছে। টোকেন স্বাক্ষর থাকলেও কারও নাম উল্লেখ নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইজিবাইকচালক বলেন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে তাঁদের লাইসেন্স দেওয়া হয় না। কিন্তু প্রতি মাসে ১০০ টাকার বিনিময়ে যে টোকেন দেওয়া হয়, সেটিই লাইসেন্স। স্থানীয় ইজিবাইক শ্রমিকদের নেতা রাসেল এই চাঁদাবাজিতে নেতৃত্ব দিচ্ছেন। তিনি ক্ষমতাসীন দলের লোক হিসেবে পরিচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ইজিবাইক চালক একটি কাগজ (তাঁদের ভাষায় টোকেন) দেখিয়ে বলেন, এটি দিয়ে প্রতিটি ইজিবাইক থেকে প্রতি মাসে ১০০ টাকা আদায় করা হয়। ওই টাকার মধ্যে থানার মাসিক মাসোহারাও অন্তর্ভুক্ত রয়েছে।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ইজিবাইকের চালকদের থেকে কোনো মাসোহারা নেওয়া হয় না।
নান্দাইল সেতু এলাকায় গিয়ে দেখা যায়, মহাসড়কের ওপরই কথিত স্ট্যান্ড বসানো হয়েছে। এখানে দুই দফা চাঁদা তোলা হচ্ছে। ট্রাক, অটোবাইক ও সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০ টাকা করে তোলা হচ্ছে যে যে রসিদ দিয়ে, তাতে লেখা আছে ‘অটোবাইক শ্রমিক ইউনিয়ন’। তবে কথিত সংগঠনটির কোনো কার্যালয় বা কর্মকর্তার খোঁজ পাওয়া যায়নি।
চাঁদা উত্তোলনকারী মো. উজ্জ্বল মিয়া বলেন, তিনি অটোবাইক শ্রমিক ইউনিয়নের পক্ষে অটোরিকশাপ্রতি ২০ টাকা নেন। তাঁদের ইউনিয়নের সভাপতি মো. শহীদ ও সাধারণ সম্পাদক হযরত আলী। শহীদ বলেন, সিরিয়াল বজায় রাখা ও শ্রমিকদের কল্যাণের জন্য তাঁরা চাঁদা ওঠান। তা ছাড়া, জেলা সংগঠন ও দুর্ঘটনা হলে পুলিশকে ‘ম্যানেজ’ করতেও টাকা লাগে।
একই স্থানে অটোবাইক, সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো ও ব্যাটারিচালিত রিকশা থেকে ১০ টাকা হারে চাঁদা নেওয়া হচ্ছে মো. তরিকুল ইসলামের নামে। তিনি নান্দাইল পৌরসভার ইজারাদার বলে দাবি করেছেন। পৌরসভার নামে ছাপানো রসিদ দিয়ে তরিকুলের পক্ষে লালন মিয়া নামের এক যুবককে চাঁদা তুলতে দেখা যায়। তবে নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, স্ট্যান্ড ইজারা দেওয়ার জন্য ডাক দেওয়া হলেও তাতে কেউ অংশ নেয়নি। তিনি চাঁদা আদায়ের দায়িত্ব কাউকে দেননি।
অপর স্থান নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের মহাসড়কে দিনের বেলা চাঁদা তোলা হয় মোটরযান শ্রমিক ইউনিয়নভুক্ত যাত্রীবাহী বাস থেকে। তবে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত পণ্যবাহী ট্রাকসহ প্রায় সব যান থেকেই ২০-৫০ টাকা হারে চাঁদা নেওয়া হয়। ঘটনাস্থলের পাশেই মোটরযান শ্রমিক ইউনিয়নের কার্যালয়। জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে চাঁদা তোলার বিষয়টি স্বীকার করেন। তবে তিনি বলেন, কেবল তাঁদের সমিতিভুক্ত বাস থেকেই ১০ টাকা করে নেওয়া হয়।
চাঁদাবাজির বিষয়টি ১১ জুন নান্দাইল থানা-পুলিশকে জানানোর পর ওই দিন সন্ধ্যায় পুরাতন বাসস্ট্যান্ড থেকে একজন ও সেতুর পাশ থেকে দুজনকে ধরে থানায় নেওয়া হয়। কিন্তু পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
মো. আতাউর রহমান বলেন, ওই তিন ব্যক্তিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাঁরা চাঁদা আদায়ের কথা স্বীকার করেননি। ফলে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।