নান্দাইলে শিশুকে ধর্ষণের অভিযোগ
ময়মনসিংহের নান্দাইলে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে।
শিশুটির মা অভিযোগ করেছেন, মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামরুল (২০) তাঁর মেয়েকে পুতুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শুক্রবার দুপুরে তাঁর (কামরুল) ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে অপর এক শিশু ওই দৃশ্য দেখে তাঁকে (শিশুর মাকে) খবর দেয়। তিনি কামরুলের বাড়িতে ছুটে গিয়ে দেখতে পান, তাঁর মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসছে। এ সময় তিনি মেয়ের রক্তক্ষরণ বন্ধ করতে বাড়িতে চিকিৎসা করান। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় শনিবার রাতে তিনি মেয়েকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা শিশুটির উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দেন।
এ বিষয়ে শিশুটির মা রোববার রাতে নান্দাইল মডেল থানায় কামরুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল সোমবার কামরুলদের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি।
নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমান বলেন, মামলা হওয়ার পর শিশুটিকে রাতেই চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসার পাশাপাশি শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে। অভিযুক্ত যুবককে ধরতে পুলিশ চেষ্টা করছে।