নান্দাইলে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ডাংরি গ্রামে ইটভাটার কাছ থেকে গত সোমবার এক শিশুর (১১) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে দুই নারী এসে লাশটি অন্য এক নারীর ছেলে বলে শনাক্ত করেন। তবে দুপুর ১২টার দিকে ওই নারী এসে জানান, মৃতদেহটি তাঁর ছেলের নয়।
থানা-পুলিশ সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ডাংরি গ্রামে পরিত্যক্ত ইটভাটার কাছে দুটি শিশু ছাগল খুঁজতে গিয়ে লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা, নির্যাতন করে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে। দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গতকাল সকালে সরেজমিন থানায় গিয়ে দেখা যায়, লাশটির কানের পাশে রক্তের দাগ। গায়ে গাঢ় আকাশি রঙের স্কুল ড্রেসের মতো জামা ও পরনে লুঙ্গি। মৃতদেহের মুখে খড়-বিচালি ও মাটি ঢুকে রয়েছে। শিশুটির মাথায় ও গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ জানায়, গতকাল সকালে আঙ্গুরা খাতুন নামের এক নারী লাশটি দেখে বাহাদুরপুর গ্রামের তাঁর দেবর নাজিম উদ্দিনের ছেলে ইয়াছিন মোল্লার বলে দাবি করেন। নাজিমকে মুঠোফোনে খবর দিয়ে ওই নারী চলে যান। রওশন আরা নামের এক নারীও লাশটি তাঁর ভাই নাজিম উদ্দিনের ছেলে বলে শনাক্ত করেন। পরে নাজিম উদ্দিন তাঁর স্ত্রী জোসনাকে নিয়ে থানায় এসে বলেন, লাশটি তাঁদের ছেলের নয়।
নাজিম উদ্দিন বলেন, তাঁর ছেলে ইয়াছিন মোল্লা গত কোরবানির ঈদের পর থেকে নিখোঁজ রয়েছে। সে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করত।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আশপাশের থানায় লাশ উদ্ধারের খবরটি জানানো হয়েছে। এ ছাড়া পুলিশ নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে লাশ উদ্ধারের বার্তা সারা দেশে দেওয়া হয়েছে। পরিচয় না পাওয়া গেলে পুলিশ হত্যা মামলা করবে।