নান্দাইলে সংঘর্ষে আহত ৪
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সদর ইউনিয়নের সাভার গ্রামে ঈদগাহ ময়দানের আয়ের হিসাব নিয়ে বিরোধের জের ধরে একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন জোবেদা আক্তার, তাঁর স্বামী আক্কাস আলী, ছেলে রমজান আলী ও খোকন মিয়া। তাঁদের মধ্যে খোকন মিয়াকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্যদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশ না করে সাভার গ্রামের একাধিক ব্যক্তি জানান, ঈদগাহের আয়ের হিসাব নিয়ে প্রশ্ন ওঠায় জমিদাতার পক্ষে মোতোয়াল্লি আবদুল হাকিম ঈদগাহ কমিটির কাছে হিসাব চান। একপর্যায়ে কমিটির লোকজনের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা শুরু হয়। ঈদুল আজহার নামাজ আদায়ের পর ওই তর্কের জের ধরে আবদুল হাকিমের ভগ্নিপতি আক্কাস আলীর বাড়িতে হামলা চালানো হয়। তাঁদের মারধরে আক্কাসের পরিবারের লোকজনকে আহত করেন কমিটির লোকজন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ফরাজী বলেন, ঈদের নামাজ শুরু হওয়ার আগে ঈদগাহের আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় জমিদাতা ও কমিটির লোকজনের মধ্যে তর্ক বাধে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।