নান্দাইলে সওজের জায়গা দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের নতুন বাজার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল রোববার সকালে এ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
সরেজমিনে দেখা যায়, নান্দাইল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে খালি থাকা সওজের প্রায় ১০ শতক জমি দখল করে নিয়েছেন একাধিক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালে দুই লেনবিশিষ্ট ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কটির নির্মাণকাজ শুরুর আগে এই জমিতে যেসব অবৈধ স্থাপনা ছিল তা উচ্ছেদ করা হয়। ওই স্থাপনাগুলো ছিল ক্ষুদ৶ ব্যবসায়ীদের। কিন্তু নির্মাণকাজ শেষের পর মহাসড়কের কিনার ঘেঁষে আবার ইট-বালুর স্তূপ রাখাসহ স্থাপনা গড়ে তোলার পাঁয়তারা করছেন অনেকেই। এর মধ্যে অনেকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী। এ নিয়ে পুরোনো ও নতুন দখলদারদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
নতুন বাজার এলাকার একাধিক প্রত্যক্ষদর্শী নাম না প্রকাশ করার শর্তে জানান, গত তিন দিন ধরে মহাসড়কের পাশে সওজের জমিতে মাটি ভরাট করছেন নান্দাইল পৌর আওয়ামী লীগের নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আবুল কালাম। বাঁশের খুঁটি পুঁতে তিনি নিজের দখল করা জায়গায় মাটি ফেলছেন। গতকাল সকালে তিনি আবারো মাটি ভরাটের কাজ শুরু করলে প্রতিবাদ করেন ওই জমি থেকে আগে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী শৈলেশ শীল, মজিবুর রহমান ও নূর উদ্দিন খান। এ সময় আওয়ামী লীগ নেতার সমর্থকদের সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা আরও বাড়লে স্থানীয় মুরুব্বিরা এসে দুই পক্ষকে শান্ত করেন।
সড়ক বিভাগের জমি ভরাটের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম বলেন, তিনি ওই জমিতে এক সময় লাকড়ির ব্যবসা করতেন। এখন আবার ব্যবসা শুরুর জন্য স্থাপনা বানাতে মাটি ভরাট করছেন। সড়ক বিভাগ বললে তিনি জমি ছেড়ে দেবেন।
ক্ষুদ্র ব্যবসায়ী শৈলেশ শীল ও মজিবুর রহমান বলেন, ওই জমি থেকে তাঁদের দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। তাঁরা এখন ঘর ভাড়া নিয়ে ব্যবসা করছেন। আর আওয়ামী লীগ নেতা বলে প্রভাব খাটিয়ে সরকারি জমিতে স্থাপনা বানাচ্ছেন আবুল কালাম।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার চারজন ব্যক্তি বলেন, প্রভাব খাটিয়ে অনেকেই সড়ক বিভাগের জমি দখল করে অবৈধ স্থাপনা তুলে ব্যবসা করছেন। কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আগে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে।
সওজ কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম গতকাল রোববার মুঠোফোনে বলেন, নান্দাইলে মহাসড়কের পাশের জমিতে অবৈধ স্থাপনা তৈরি করা কয়েকজন দখলদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। নতুন করে কেউ জমি দখলের চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।