নান্দাইলে সড়ক কেটে ফেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাহির বানাইল গ্রামের সড়কটি কেটে ফেলা হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাহির বানাইল গ্রামের সড়কটি কেটে ফেলা হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

ময়মনসিংহের নান্দাইলের চণ্ডীপাশা ইউনিয়নের বাহির বানাইল গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ থেকে সড়ক কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ কারণে গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এতে ওই অংশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
সম্প্রতি সরেজমিনে বাহির বানাইল গ্রামে দেখা যায়, ইউনিয়নের বাঁশহাটি বাজার থেকে তালজাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে মূল সড়কটি চলে গেছে। মূল সড়ক থেকে আরেকটি শাখা সড়ক বাহির বানাইল গ্রামের মোহাম্মদ আলী মাস্টারের বাড়ির দিকে চলে গেছে।
চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ২০০৮ সালে জমির আইলে মাটি ফেলে ওই সড়কটির প্রাথমিক নির্মাণকাজ শুরু করা হয়। দুই বছর পর সড়কটি পিচ ঢালাই করে দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়কের দৈর্ঘ্য এক কিলোমিটার।
সরেজমিনে দেখা যায়, বাহির বানাইল গ্রাম এলাকায় মাত্র এক ফুটের মতো জায়গা রেখে সড়কে সাত-আট ফুটে কোমরসমান গর্ত করে কেটে ফেলা হয়েছে। ওই অংশের পিচ-পাথর, খোয়া ও মাটি পাশের জমিতে স্তূপ করে রাখা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কের পশ্চিম পাশের বাসিন্দা মো. আবু হানিফা তাঁর পরিবারের লোকজন নিয়ে ১৫-২০ দিন আগে সড়কটি কেটে ফেলেছেন। এ বিষয়ে আবু হানিফা (৬০) বলেন, ‘আমাকেসহ আমার পরিবারের সদস্যদের ২০০৮ সালে মিথ্যা মামলায় জড়িয়ে হেনস্তা করে আমার জমির ওপর দিয়ে জোর করে ওই সড়ক নির্মাণ করা হয়েছে। দীর্ঘ সময়েও আমার জমি থেকে অবৈধ সড়কটি সরিয়ে নেওয়া হয়নি। তাই সেটি কেটে ফেলেছি।’ আলাপচারিতার একপর্যায়ে তিনি এই প্রতিবেদকের কাছে কাজটি করা ঠিক হয়নি বলে স্বীকার করেন।
বাহির বানাইল গ্রামের হাজি মোহাম্মদ আলী মাস্টার বলেন, ‘আমার প্রায় ১৭০ শতক জমি সড়কের কারণে দ্বিখণ্ডিত হয়েছে। মানুষের চলাচলের জন্য আমি এই ক্ষতি মেনে নিয়েছি।’
ওই গ্রামের প্রায় ১৫ জন বাসিন্দা বলেন, গ্রামে মুরগি ও মৎস্য খামার গড়ে উঠেছে। বিদ্যুতের সংযোগ লেগেছে। এখন সড়ক কেটে এলাকার অর্থনৈতিক ক্ষতি করা হচ্ছে। মোহাম্মদ আলী মাস্টার বলেন, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) তিনি ঘটনাটি লিখিতভাবে জানিয়েছেন।
ইউএনও মোহাম্মদ শাহানুর আলম বলেন, তিনি অভিযোগটি তদন্ত করার জন্য এলজিইডির প্রকৌশলীর কাছে পাঠিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে বলেছেন।
এলজিইডির প্রকৌশলী মো. আবুল খায়ের মিয়া বলেন, প্রশিক্ষণের জন্য তিনি ঢাকায় রয়েছেন। নান্দাইলে ফিরে ঘটনাস্থলে যাবেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, কেটেই হোক বা অন্য কোনো কিছু করেই হোক, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। তবে কেউ এ বিষয়ে থানায় অভিযোগ করেনি।