নান্দাইলে সাবেক সাংসদের গাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুস সালামের গাড়িতে হামলার ঘটনায় দলের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। গতকাল রোববার দলের উপজেলা সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া অভিযোগটি থানায় জমা দিয়েছেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে এ বিষয়ে তিনি আইনি পদক্ষেপ নেবেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে উপজেলার চকমতি নতুন বাজারে মুশুলি ইউনিয়ন আওয়ামী লীগের পূর্বনির্ধারিত কর্মী সমাবেশ আয়োজন করা হচ্ছিল। একই সময়ে ওই বাজারের অন্য পাশে ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খানের সমর্থকেরা আওয়ামী লীগের ব্যানারে পাল্টা সমাবেশ আয়োজন করেন।
নাম প্রকাশ না করার শর্তে চকমতি নতুন বাজারের চারজন ব্যবসায়ী বলেন, সমাবেশে যাওয়ার পথে আবদুস সালামের গাড়িকে ধাওয়া করেন বর্তমান সাংসদের সমর্থক কিছু যুবক। ধাওয়া খেয়ে গাড়িটি মহাসড়কে পাক দিয়ে ঘুরে বিপরীত দিকে চলে যায়।
সিরাজুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করেন, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে সাংসদের সমর্থকরা। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে সাংসদ আনোয়ারুল আবেদিন খান গত শনিবার প্রথম আলোকে বলেছিলেন, গাড়িবহরে সশস্ত্র ব্যক্তিদের দেখতে পেয়ে চৌরাস্তা এলাকার লোকজন হামলা চালাতে পারে বলে তাঁর ধারণা। তাঁর কোনো সমর্থক ওই হামলার ঘটনায় জড়িত নন।