নান্দাইলে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
ময়মনসিংহের নান্দাইলে এক স্কুলছাত্রীকে এক বখাটে যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ছাত্রীর পরিবারের লোকজন সূত্রে জানা যায়, ছাত্রীটি একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করে। যৌন নিপীড়নের অভিযোগে তার মা গতকাল মঙ্গলবার দুপুরে নান্দাইল উপজেলার মুশলি ইউনিয়নের শফিকুল ওরফে শহীদুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নান্দাইল থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যার দিকে ছাত্রীটি (১২) তাদের ঘরে এক আত্মীয়াকে নিয়ে শুয়ে ছিল। এ সময় শফিকুল ওরফে শহীদুল ওই ঘরে ঢুকে তার আত্মীয়াকে ঘর থেকে বের করে দিয়ে তাকে জাপটে ধরে। এ সময় শহীদুল তার ওপর যৌন নিপীড়ন শুরু করেন। একপর্যায়ে সে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এলে শফিকুল পালিয়ে যান।
পরে এলাকাবাসী ওই ছাত্রীকে উদ্ধার করে কিশোরগঞ্জের ২৫০ শয্যার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়। এলাকার চারজন বাসিন্দা বলেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য এলাকার একটি চক্র সক্রিয় হয়ে উঠেছিল। তবে স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে রাতেই পুলিশ ওই গ্রামে যায় এবং ছাত্রীর সঙ্গে কথা বলে যৌন নিপীড়নের ঘটনার প্রাথমিক সত্যতা পায়।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও বখাটে শফিকুলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।