নান্দাইলে সড়কে চাঁদাবাজি চলছেই
ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের ভেতর দিয়ে যাওয়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যানবাহন থামিয়ে এখনো চাঁদা তোলা হচ্ছে। ১৯ জুলাই জেলা প্রশাসক চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। প্রশাসন এ বিষয়ে গতকাল রোববার পর্যন্ত কোনো ব্যবস্থাও নেয়নি।
ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার নান্দাইল পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সেতুর পশ্চিম পাশ ও নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের সড়ক এলাকায় যানবাহন থামিয়ে চাঁদা আদায় করা হচ্ছে। ১৯ জুন ‘নান্দাইলে যানবাহনে চাঁদাবাজি’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়।
ওই দিন জেলা আইনশৃঙ্খলা-বিষয়ক কমিটির সভা ছিল। সভায় উপস্থিত একাধিক কর্মকর্তা জানান, ওই প্রতিবেদন নিয়ে কমিটির সভায় আলোচনার পর জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী এ ধরনের চাঁদাবাজি দ্রুত বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।
গতকাল ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় ও নান্দাইল সেতুর পশ্চিম পাশে গিয়ে দেখা যায়, আগের মতোই গাড়ি থামিয়ে চাঁদাবাজি চলছে। তবে নান্দাইল বালিকা উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে বেঞ্চ ফেলে কাউকে চাঁদা আদায় করতে দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পৌরবাসী বলেন, তাঁরা ভেবেছিলেন পত্রিকায় এ খবর ছাপা হলে প্রশাসন চাঁদাবাজি বন্ধ করতে ব্যবস্থা নেবে। কিন্তু এখনো তাঁরা পুলিশকে কোনো পদক্ষেপ নিতে দেখেননি।
এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও অটোবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পৌর শ্রমিক লীগের আহ্বায়ক মো. শহীদকে গতকাল পাওয়া যায়নি। তবে ১৫ জুন রাতে তিনি মুঠোফোনে বলেছিলেন, চাঁদার টাকা শ্রমিকের কল্যাণ, দুর্ঘটনা ঘটলে মীমাংসা ও পুলিশের মাসোহারাসহ বিভিন্ন খাতে ব্যয় করা হয়।
নান্দাইল থানার ওসি মো. আতাউর রহমান গতকাল দুপুরে বলেন, তাঁরা কোনো মাসোহারা নেন না। জেলা পর্যায় থেকে চাঁদাবাজির বিষয়ে কোনো নির্দেশনা তিনি পাননি। তবে তিনি খোঁজ নিয়ে জেনেছেন, শ্রমিকের কল্যাণ খাত ছাড়া যানবাহন থেকে আর কোনো খাতে চাঁদা আদায় করা হচ্ছে না।