নান্দাইলে সড়কের পাশের নয়টি গাছ কেটে নিলেন ইউপি সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাছদরিল্লা গ্রামের সড়কের পাশ থেকে গাছ কেটে নেওয়ার পর পড়ে আছে গোড়া। গতকালের ছবি  l প্রথম আলো
পাছদরিল্লা গ্রামের সড়কের পাশ থেকে গাছ কেটে নেওয়ার পর পড়ে আছে গোড়া। গতকালের ছবি l প্রথম আলো

ময়মনসিংহের নান্দাইলের রাজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলিমুদ্দিন সড়কের পাশ থেকে নয়টি গাছ কেটে নিয়েছেন। এলাকাবাসী জানিয়েছেন, গত বৃহস্পতিবার গাছ কাটার এই ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার বন বিভাগের লোকজন কাটা গাছগুলোর কিছু অংশ ওই ইউপি চেয়ারম্যানের করাতকল (স মিল) থেকে জব্দ করেছেন। মো. আলিমুদ্দিন দাবি করেন ইউপি চেয়ারম্যানের নির্দেশে তিনি গাছগুলো কেটেছেন।
আর ইউপি চেয়ারম্যান রোকন মিয়া গতকাল বলেন, তিনি এবারই প্রথম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গাছ কাটার নির্দেশ দেওয়ার আগে এত কিছু ভেবে দেখেননি। তিনি দাবি করেন, কাটা গাছগুলো মরা ছিল। তাই তিনি আলিমুদ্দিনকে মরা ও হেলে পড়া তিনটি গাছ কেটে ফেলতে বলেছিলেন।
গতকাল সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার রাজগাতী ইউপির পাছদরিল্লা গ্রামের সড়কের পাশ থেকে নয়টি একাশিয়াগাছ বৃহস্পতিবার কাটা হয়েছে। চারজন প্রত্যক্ষদর্শী বলেন, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলিমুদ্দিন গাছগুলো কেটেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মো. আলিমুদ্দিন বলেন, ইউপি চেয়ারম্যান মো. রোকন মিয়া তাঁকে গাছগুলো কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন। গাছ কাটা নিয়ে এত কিছু হবে তা তিনি বুঝতে পারেননি।
নান্দাইল উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, তিনি সড়কে গিয়ে নয়টি গাছ কেটে ফেলার চিহ্ন শনাক্ত করেছেন। ১২ টুকরো গাছের নাল (গাছের লম্বা অংশ) কালীগঞ্জ বাজারে অবস্থিত ইউপি চেয়ারম্যান রোকন মিয়ার মালিকানাধীন স মিল থেকে জব্দ করেছেন। এ ছাড়া চেরাই করা ২০টি তক্তা জব্দ করে ফরিদাকান্দা গ্রামের চৌকিদার আবদুর রাজ্জাকের বাড়িতে রেখেছেন। তিনি আরও বলেন, গাছ কাটার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন।