নান্দাইলে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শহীদ মিয়া হত্যা মামলায় স্থানীয় যুবলীগ নেতাসহ দুই আসামিকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন সোহাগ মিয়া ও নাজিম উদ্দিন। তাঁদের বাড়ি উপজেলার কড়ইকান্দি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। গত ১ জুলাই কড়ইকান্দি গ্রামের শহীদ মিয়া (৪৫) খুন হন। এ ঘটনায় তাঁর স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে ৭ জুলাই সোহাগসহ ১২ জনকে আসামি করে নান্দাইল থানায় হত্যা মামলা করেন। এর জের ধরে বাদীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
নান্দাইল মডেল থানার ওসি মো. আতাউর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত অক্টোবরে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় ময়মনসিংহ সিআইডি। হত্যা মামলার আসামি হওয়ার পরও সোহাগ প্রকাশ্যেই ঘুরাফেরা করতেন বলে জানা গেছে। বুধবার রাত আটটার দিকে র্যাবের সহযোগিতায় সোহাগ ও নাজিমকে নান্দাইল বাজার থেকে গ্রেপ্তার করে সিআইডি।