নান্দাইলে হত্যার অভিযোগে বাবা ও ছেলে আটক
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাছদরিল্লা গ্রামের বাহার উদ্দিনকে পিটিয়ে হত্যার অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। গত শক্রবার তাঁদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন পাছদরিল্লা গ্রামের মো. মতিউর রহমান (৫০) ও তাঁর ছেলে রুবেল মিয়া (১৫)। তাঁরা এখন নান্দাইল থানা হেফাজতে আছেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, তিন মাস আগে একটি মোটরসাইকেল বিক্রি করা নিয়ে পাছদরিল্লা গ্রামের মাসুদ ও সোহাগ মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। গত পবিত্র রমজানের সময় ওই বিরোধ মীমাংসার জন্য গ্রামে একটি সালিস বৈঠক হয়। ওই বৈঠকে পাছদরিল্লা গ্রামের বাহার উদ্দিন ও ফজলুর রহমানের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। গত শুক্রবার ভোরে প্রাতর্ভ্রমণে বের হন বাহার উদ্দিন। ফজলুর রহমানের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাঁকে রাস্তায় ফেলে লাঠি দিয়ে পেটান প্রতিপক্ষের লোকজন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। এ বিষয়ে গতকাল শনিবার প্রথম আলোতে ‘নান্দাইলে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মুরাদ আলী শেখ বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার এখনো মামলা করেনি। লাশ দাফনের পর পরিবারের সদস্যরা থানায় আসবেন বলে পুলিশকে জানিয়েছেন। তবে তাঁকে পেটানোর ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মতিউর রহমান ও তাঁর ছেলে রুবেল মিয়াকে আটক করেছে।