নান্দাইলে হামলা চালিয়ে আসামি ছিনতাই, চার পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামিকে তাঁর স্বজনেরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পুলিশের চার সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার নান্দাইল পৌরসভার চারিআনিপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আসামির স্ত্রী ও বাবাকে গ্রেপ্তার করেছে।

হামলায় আহত ব্যক্তিরা হলেন নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আলীমুজ্জামান, কনস্টেবল মো. সুজন মিয়া, রুহুল আমীন ও মঞ্জুরুল ইসলাম। তাঁরা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চারিআনিপাড়ার শাহাবুদ্দিন নান্দাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গতকাল সকালে পুলিশ শাহাবুদ্দিনের অবস্থান জানতে পারে।

নান্দাইল থানার এসআই আলীমুজ্জামান বলেন, গতকাল সকাল ১০টার দিকে পুলিশের একটি দল আসামি শাহাবুদ্দিনের পিছু নিয়ে চারিআনিপাড়ায় যায়। আসামির বাড়িতে ঢোকার সময় এসআই ফিরোজ আহমেদ তাঁকে জাপটে ধরে হাতকড়া পরানোর চেষ্টা করেন। এ সময় বাড়ির ভেতর থেকে একদল নারী লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে স্বজনেরা পুলিশের হাতে কামড় বসিয়ে শাহাবুদ্দিনকে ছাড়িয়ে নিলে তিনি পালিয়ে যান।

কনস্টেবল রুহুল আমীন বলেন, ‘হঠাৎ করে বাড়ির নারীরা এভাবে আক্রমণ করে বসতে পারেন, তা আমাদের ভাবনায় ছিল না। পরে পুলিশ কর্মকর্তাদের নির্দেশে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে ওই বাড়ি থেকে শাহাবুদ্দিনের স্ত্রী আঁখি ও বাবা সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করে থানায় আনা হয়ে।’