নান্দাইলে হামলায় দুই ভাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামে গতকাল শুক্রবার প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুই সহোদর খুন হয়েছেন। গত রোজার মাসের এক বিরোধের জের ধরে গতকাল ভোর পাঁচটার দিকে এই জোড়া খুন হয় বলে পরিবার জানিয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন রাজাবাড়িয়া গ্রামের তফাজ্জল হোসেন (৬০) ও স্বপন মিয়া (৩৫)। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।
সরেজমিনে গতকাল সকাল সাড়ে আটটায় রাজাবাড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, দুই ভাইয়ের বাড়ির সামনেই লাশ পড়ে আছে।
নিহতদের এক ভাই আবদুস সাত্তার (৫৫) বলেন, গত রমজান মাসে চাচাতো ভাই আবুল খায়েরের জমির আইল কেটে তাঁর (সাত্তার) জমিতে সেচের পানি নেন। সেই কারণে আবুল খায়ের তাঁকে বেদম মারধরও করেন। শত্রুতা বলতে ওই টুকুই। গতকাল আবুল খায়ের লোকজন নিয়ে তাঁর ওপরই প্রথমে আক্রমণ চালান। বড় ভাই তফাজ্জল ও ছোটো ভাই স্বপন তাঁকে বাঁচাতে ছুটে এসেছিলেন। এ সময় হামলাকারীদের হাত থেকে তিনি পালাতে পারলেও দুই ভাই খুন হন।
তফাজ্জলের স্ত্রী সখিনা খাতুন বলেন, গতকাল ফজরের নামাজ পড়ে তাঁর স্বামী বাড়ির বাইরে যান। হঠাৎ হট্টোগোল শুনে বাইরে গিয়ে দেখেন, আবুল খায়ের ও তাঁর ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর স্বামীকে মারধর করছে। তিনি গিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু প্রতিপক্ষের একটি বল্লমের আঘাতে তাঁর স্বামী লুটিয়ে পড়েন।
স্বপনের স্ত্রী কমলা খাতুন (২৫) বিলাপ করতে করতে বলেন, বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তাঁর স্বামী মারা যান।
গ্রামের কয়েকজন বৃদ্ধ বলেন, নিহত ওই দুই ভাই খুবই দরিদ্র। জীবিকার তাগিদে তাঁরা ঢাকায় রিকশা চালাতেন। ঈদে বাড়ি এসেছিলেন। অপরদিকে আবুল খায়ের অবস্থাসম্পন্ন। তা ছাড়া তাঁর পরিবারের কয়েকজন প্রবাসে থাকেন। টাকার গরমে তুচ্ছ ঘটনায় আবুল খায়েরের লোকজন দুই ভাইকে মেরে ফেলল।
আবুল খায়েরের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরগুলোতে তালা। হত্যাকাণ্ডের পরই আবুল খায়ের পরিবার-পরিজন নিয়ে গ্রাম ছেড়েছেন বলে স্থানীয়রা জানান।
নান্দাইল মডেল থানার ওসি সাইফুল ইসলাম ফরাজী বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।