নান্দাইলে ১৪৪ ধারা জারি, সড়ক অবরোধ
ময়মনসিংহের নান্দাইলের মুশুলি ইউনিয়নের চকমতি নতুন বাজারে আজ শনিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সেখানে আজ আওয়ামী লীগের দুই পক্ষের সমাবেশ আহ্বান করা হলে সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।
এদিকে ওই সমাবেশে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতার গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে আওয়ামী লীগ নেতার সমর্থকেরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন।
স্থানীয় সূত্র ও দলীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ শনিবার নতুন বাজারের দক্ষিণ পাশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আবদুস সালামের সমর্থকেরা সমাবেশের আয়োজন করেন। আর উত্তর পাশে একই দলের ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খানের সমর্থকেরা সমাবেশের আয়োজন করে। আজ বেলা আড়াইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। সমাবেশ করতে উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুস সালামসহ সমর্থকেরা রওনা দেন। সমাবেশস্থলের কাছাকাছি গেলে সাংসদের সমর্থকেরা তাঁর গাড়িবহরে হামলা চালান বলে অভিযোগ ওঠে। তখন ওই এলাকায় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বেলা তিনটার দিকে প্রশাসন সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি করে। অন্যদিকে হামলার প্রতিবাদে আওয়ামী লীগ নেতার সমর্থকেরা ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে চার ঘণ্টা সড়ক অবরোধ করেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা ছয়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আওয়ামী লীগ নেতার পক্ষে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমএ সালাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সাংসদ আনোয়ারুলের পক্ষে উচ্ছৃঙ্খল যুবকেরা একজন সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা আবদুস সালামের গাড়িতে হামলা চালিয়েছে। প্রশাসনের অনুমতি নিয়েই তাঁরা সমাবেশ করছিলেন বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে জানতে চাইলে সাংসদ আনোয়ারুল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে তাঁরাও সমাবেশ করার প্রস্তুতি নিয়েছেন। সেখানে অন্যদের কে অনুমতি দিয়েছে-তা তিনি জানেন না। আওয়ামী লীগ নেতার গাড়িবহরে হামলার ঘটনায় তাঁর কোনো নেতা-কর্মী জড়িত নয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সংঘর্ষ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সমাবেশ স্থলে শনিবার বিকেল তিনটা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কোনো পক্ষের অনুমতি নিয়ে সমাবেশ করার কথা জানা নেই বলে জানান ওসি।