নান্দাইলের শিশুটির অবস্থা স্থিতিশীল, মামলা দায়ের
ময়মনসিংহের নান্দাইলে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাহত ১৭ মাস বয়সী শিশুটি অস্ত্রোপচারের পর এখন স্থিতিশীল অবস্থায় আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় আহত শিশু বীথি আক্তারের বাবা দীন ইসলাম বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে নান্দাইল থানায় মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন শাহজাহান ব্যাপারী, আলমগীর হোসেন, এমদাদুল হক, হাবিবুর রহমান, আবদুল হাই, শাহাদাত হোসেন, হাবিবুল্লাহ, জিল্লুর রহমান, সাইফুল ইসলাম, দেলোয়ারা বেগম ও হেলেনা খাতুন। তবে পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ময়মনসিংহ মেডিকেলের শিশু ও শল্য বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহ আলম তালুকদার বলেন, তাঁর নেতৃত্বে একদল চিকিৎসক রোববার বিকেলে শিশুটির অস্ত্রোপচার করেছেন। তার অবস্থা এখন স্থিতিশীল। তাকে শিশু বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
রোববার সকালে নান্দাইলে জমিজমা নিয়ে বিরোধের জেরে শিশু বীথিকে শাহজাহান ব্যাপারী ছুরিকাঘাত করেন। ছুরিটি শিশুর পেট এফোঁড়-ওফোঁড় করে গেঁথে যায়।
বীথির বাবা দীন ইসলাম বলেন, চণ্ডীপাশায় জমিজমা নিয়ে বিরোধে শাহজাহান ও তাঁর লোকজন তাঁকে নির্যাতন করতেন। পুলিশের কাছে গিয়েও তিনি কোনো আইনি সহায়তা পাননি। পুলিশ উল্টো তাঁকে মামলায় ফাঁসিয়েছে। শিশুকে ছুরিকাঘাত করার সময়ও শাহজাহানের সহযোগীরা তাঁকে মারধর করেছিলেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, জমিজমার বিষয়ে দীন ইসলামকে আদালতে যেতে পরামর্শ দেওয়া হয়েছিল। মামলায় ফাঁসানোর ঘটনাটি তিনি ওসির দায়িত্বে থাকাকালীন ঘটেনি।