নাফ থেকে তিন জেলেকে নিয়ে গেছে বিজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী থেকে গত বৃহস্পতিবার তিনজন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
ওই তিন জেলে হলেন টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার হামিদ হোসেন (৪০), মো. ইসমাঈল (৩২) ও দক্ষিণ জালিয়াপাড়ার নুর হোসেন (৪৫)।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার বাসিন্দা কামাল হোসেনের একটি নৌকা নিয়ে চারজন জেলে নাফ নদীতে বিহিঙ্গ জালের খুঁটি পুঁততে যান। একপর্যায়ে তাঁরা ভুল করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন। সে সময় বিজিপির সদস্যরা নৌকার কাছাকাছি এলে এক জেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে বাংলাদেশের জলসীমায় চলে আসেন। পরে বিজিপির সদস্যরা নৌকাসহ বাকি তিন জেলেকে আটক করে নিয়ে যান। শুক্রবার রাতে জেলেদের পরিবার বিষয়টি বিজিবিকে জানায়।
২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী বলেন, মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা (বিজিপি) ঘটনাটি স্বীকার করেছে। তারা জানিয়েছে, মিয়ানমারের মংডু শহরের থানায় বাংলাদেশি তিনজন জেলেকে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।