নাফ নদী থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি!
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে গতকাল রোববার নৌকাসহ ছয়জন বাংলাদেশি জেলেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও জেলেদের ফেরত চেয়ে বিজিপিকে চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপহৃত জেলেরা হলেন টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার শাহিদ উদ্দিন (৬৮), আলমগীর (৫৫), মো. আকবর (৩৫), মো. হোসেন (৩৩), আবদুল আমিন (২৮) ও আবদুল্লাহ (১৪)।
পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, তিনটি নৌকাসহ জেলেদের ফেরত দিতে মিয়ানমার থেকে মুঠোফোনে মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে। বিষয়টি তাঁরা টেকনাফে বিজিবির কর্মকর্তাদের জানিয়েছেন।
বিজিবি ও জেলেদের সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পাঁচটি নৌকা নিয়ে নাফ নদীর ১ নম্বর স্লুইসগেট-সংলগ্ন বাংলাদেশের জলসীমানায় মাছ ধরছিলেন ১০ জন জেলে। হঠাৎ মিয়ানমার থেকে একটি ট্রলারে করে বিজিপির পোশাক পরা ১০-১২ জন এসে অস্ত্রের মুখে তিনটি নৌকাসহ ছয়জন জেলেকে ধরে মিয়ানমারে নিয়ে যায়। অন্য দুটি নৌকা নিয়ে বাকি চারজন জেলে পালিয়ে আসেন।
নৌকা তিনটির মালিক টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার বাসিন্দা মো. জাফর আলম, মো. হোসেন ও ছৈয়দ আকবর। জাফর আলম বলেন, নৌকাসহ ছয় জেলেকে মিয়ানমারে ধরে নেওয়ার ব্যাপারে বিজিবিকে জানানো হয়েছে। নৌকাসহ জেলেদের ফেরত দিতে মিয়ানমার থেকে মুঠোফোনে মুক্তিপণ দাবি করা হচ্ছে।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, ছয়জনকে অপহরণের বিষয়টি জেলেরা বিজিবিকে জানিয়েছেন। বিষয়টি জানার পর তিনি গতকাল দুপুরে মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপির ২ নম্বর সেক্টরের পরিচালক সিং অংয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। সিং অং তাঁকে বলেন, বিষয়টি তাঁরা তদন্ত করে দেখবেন। এ ধরনের কোনো ঘটনা ঘটলে জেলেদের ফেরত দেওয়ারও আশ্বাস দেন তিনি। তবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত জেলেদের ফেরত না পেয়ে বিজিবির পক্ষ থেকে মিয়ানমারে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।
এর আগে ১৭ জুন ভোরে বাংলাদেশের জলসীমায় ঢুকে বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে ট্রলারে উঠিয়ে মিয়ানমার নিয়ে গিয়েছিল বিজিপি। আবদুর রাজ্জাকসহ ছয় বিজিবি সদস্য তখন মাদক চোরাচালান সন্দেহে বাংলাদেশের জলসীমায় থাকা দুটি নৌকায় তল্লাশি চালাচ্ছিলেন। তখন একদল বিজিপি সদস্য ট্রলারে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষে গুলিবিনিময়ের পর ট্রলারে করে নায়েক রাজ্জাককে নিয়ে মিয়ানমারের দিকে চলে যান বিজিপি সদস্যরা। আট দিন পর তাঁকে ফেরত দেওয়া হয়।