নাফ নদী থেকে দুই জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গতকাল বুধবার ভোরে দুই বাংলাদেশি জেলেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ধরে নিয়ে গেছে বলে পরিবার অভিযোগ করেছে। তাঁরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার মোহাম্মদ নাজির হোসেন (৪২) ও আবদুস শুক্কুর (৩৯)।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ওই দুই জেলে নাফ নদীর লম্বাবিল এলাকায় মাছ শিকার করতে যান। গতকাল ভোরে বিজিপির একটি টহল দল স্পিডবোটে করে তাঁদের নৌকাটি অস্ত্রের মুখে মিয়ানমারের সীমানার দিকে নিয়ে যায়।
আবদুস শুক্কুরের ছোট ভাই আবদুর রহিম বলেন, নাফ নদীর বাংলাদেশ-মিয়ানমার জলসীমার কাছাকাছি এলাকায় মাছ শিকার করছিল তাঁর ভাইসহ দুজন। দুজনকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ধরে নিয়ে যাওয়ার বিষয়টি টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন বরাবরে লিখিতভাবে জানানো হবে।
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি শুনেছি, কিন্তু জেলে পরিবারের পক্ষ থেকে এখনো লিখিতভাবে কিছু জানানো হয়নি। তারপরও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।’