নাফ নদী থেকে দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গত শনিবার রাতে দুই বাংলাদেশি জেলেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তাঁরা হলেন টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া এলাকার মোহাম্মদ আনোয়ার (২৮) ও আক্তার হোসেন (২৯)।
ওই দুই জেলের পরিবার জানায়, শনিবার বিকেলে চৌধুরীপাড়ার বাসিন্দা হাসান আলীর মালিকানাধীন একটি নৌকা নিয়ে তিনজন জেলে নাফ নদীতে মাছ ধরতে যান। রাত আটটার দিকে বিজিপির একটি টহল দল স্পিডবোটে করে তাঁদের নৌকাটিকে ধাওয়া দেয়। এ সময় জেলে মোহাম্মদ উল্লাহ (নৌকার মালিক হাসান আলীর শ্যালক) নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে কূলে ওঠেন। বাকি দুই জেলেসহ নৌকাটি স্পিডবোটের সঙ্গে বেঁধে মিয়ানমারের দিকে নিয়ে যায় বিজিপি।
নৌকার মালিক হাসান আলী বলেন, বিজিপির সদস্যরা নাফ নদীতে মাছ ধরার সময় কয়েকটি নৌকাকে ধাওয়া করেন।
তবে স্থানীয় কয়েকজন জেলে বলেন, বিজিবির নির্দেশ উপেক্ষা করে হাসান আলীর নৌকাটি নাফ নদীর বাংলাদেশ জলসীমানা অতিক্রম করে মাছ ধরছিল। পরে বিজিপির সদস্যরা এসে নৌকাসহ দুই জেলেকে অপহরণ করে নিয়ে যান। বিজিপির সদস্যরা ওই দুই জেলের মুক্তিপণ হিসেবে ‘দালাল’কে (মিয়ানমারের জলসীমায় চলাচল করা সে দেশের কিছু নৌকার মাঝি বিজিপির দালাল হিসেবে কাজ করে) ১ লাখ টাকা দাবি করেছেন। কিন্তু নৌকার মালিক হাসান আলী ৭০ হাজার টাকা পর্যন্ত দিতে রাজি হয়েছেন। কিন্তু পুরো টাকা না পেলে ওই দুই জেলেকে ছাড়া হবে না বলে দালাল জানিয়ে দিয়েছেন।
এ বিষয়ে নৌকার মালিক হাসান আলী কোনো মন্তব্য করতে রাজি হননি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে নাফ নদীতে মাছ ধরার সময় নৌকাসহ দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নৌকার মালিক তাঁকে মুঠোফোনে জানিয়েছেন। বিষয়টি লিখিতভাবে জানাতে নৌকার মালিককে বলা হয়েছে। কিন্তু রোববার রাত আটটা পর্যন্ত তিনি লিখিত অভিযোগ করেননি।