নাফ নদী থেকে রোহিঙ্গা জেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর ঝিমংখালী এলাকা থেকে আজ বৃহস্পতিবার কালা মিয়া (৩৫) নামের এক রোহিঙ্গা জেলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা বস্তির বি-২ ব্লকে বাস করতেন। তাঁর বাড়ি মিয়ানমারের মংডু শহরের কৈয়ারবিল গ্রামে। 
স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছেন, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির (বর্ডার গার্ড পুলিশ) গুলিতে কালা মিয়া মারা গেছেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফের হ্নীলা বিওপির (ক্যাম্পের) সুবেদার মুজিবুর রহমান গণমাধ্যমের স্থানীয় কর্মীদের বলেন, রোহিঙ্গা কালা মিয়া আজ সকাল ছয়টার দিকে নাফ নদীতে ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরতে যান। এ সময় মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, সকাল সাতটার দিকে নিহত ব্যক্তির শ্বশুর টেকনাফের নুরুল আলম নাফ নদী থেকে কালা মিয়ার লাশ উদ্ধার করে টেকনাফ থানায় নিয়ে যান।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, গুলিতেই কালা মিয়ার মৃত্যু হয়েছে। ময়নাতদ‌ন্তের জন্য লাশ দুপুরে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তি ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি রাকিবুল্লাহ বলেন, কালা মিয়া কয়েক বছর ধরে কুতুপালং রোহিঙ্গা বস্তিতে বাস করছিলেন। সম্প্রতি তিনি টেকনাফের ওয়াব্রাং গ্রামের নুরুল আলমের মেয়েকে বিয়ে করেন। নাফ নদীতে মাছ ধরাই ছিল তাঁর পেশা।