নাফ নদী থেকে লক্ষাধিক ইয়াবা বড়ি উদ্ধার
কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার নাফ নদীতে অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার ভোররাত তিনটার দিকে এই ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, উদ্ধার করা ইয়াবা বড়ির দাম প্রায় তিন কোটি ৬০ লাখ টাকা। এ ঘটনায় ইঞ্জিনচালিত একটি নৌকা জব্দ করেছে বিজিবি। তবে ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদের ভাষ্য, উদ্ধার হওয়া এক লাখ ২০ হাজার ইয়াবা বড়ির মূল্য প্রায় তিন কোটি ৬০ লাখ টাকা। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।
বিজিবি সূত্র জানায়, ভোররাতে টেকনাফ সদর বিওপির বিজিবির হাবিলদার লুৎফর রহমানের নেতৃত্বে একটি দল নাফ নদীতে টহল দিচ্ছিলেন। নাফ নদীর সাবরাং ইউনিয়নের চার নম্বর স্লুইসগেট এলাকায় মিয়ানমার থেকে আসা ইঞ্জিনচালিত একটি নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। বিজিবির সংকেত পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা নৌকাটিতে তল্লাশি চালিয়ে ইয়াবা বড়িগুলো উদ্ধার করেন।