নাফ নদী থেকে ৬ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি
কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া-সংলগ্ন নাফ নদী থেকে গতকাল সোমবার নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। নৌকার মালিক ও জেলেদের পরিবার এ কথা জানিয়েছে।
ওই ছয় জেলে হলেন মোহাম্মদ হোসেন (নৌকার মালিক), মোহাম্মদ ফারুক, আবদুল করিম, সাদেক হোসেন, আক্তার ফারুক ও মোহাম্মদ সাদেক। তাঁরা টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া (সাইডপাড়া) গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ ইব্রাহিমের মালিকানাধীন দুটি নৌকা নিয়ে সাতজন জেলে ও একজন মালিক নাফ নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে বিজিপির একটি টহল দল তাঁদের ধাওয়া করে। এ সময় নৌকা থেকে নদীতে ঝাঁপ দেন জেলে নুর মোহাম্মদ ও আবদুল আমিন। তাঁরা সাঁতরে কিছু দূর এসে অন্য নৌকায় উঠে তীরে ফিরে আসেন।
পালিয়ে আসা নুর মোহাম্মদ ও আবদুল আমিন বলেন, তাঁরা পালাতে সক্ষম হলেও দুটি নৌকায় থাকা ছয়জনকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায় বিজিপি।
নৌকার মালিক মোহাম্মদ ইব্রাহিম বলেন, বাংলাদেশ-মিয়ানমার জলসীমার কাছাকাছি এলাকায় মাছ শিকারের সময় বিজিপির সদস্যরা ছয় জেলেকে ধরে নিয়ে গেছে।
২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে জেলে পরিবারের পক্ষ থেকে লিখিত কিংবা মৌখিকভাবে বিজিবিকে এখনো কিছু জানানো হয়নি।’ তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখতে বিজিপির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা চলছে।
মেজর আবু রাসেল ছিদ্দিকী আরও বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলেও অনেকে তা মানছেন না।
গত ৩, ৯ ও ১১ নভেম্বর এবং ৭ ডিসেম্বর নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি। তাঁদের এখনো ফেরত দেওয়া হয়নি।