নাফ নদীতে রোহিঙ্গার লাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, লাশটি কোনো রোহিঙ্গার হতে পারে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জেটি ঘাট এলাকায় থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তা কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, নাফ নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এসআই আবদুর রহিম বলেন, লাশটিতে পচন ধরে ফুলে উঠেছে। এটি কার লাশ, তা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। অন্তত তিন-চার দিন আগের মরদেহ এটি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো রোহিঙ্গার লাশ। কারণ গত কয়েক দিনে টেকনাফের কোথাও কোনো নৌকাডুবির ঘটনা ঘটেনি।

ওসি মো. আবদুল মজিদ বলেন, এই ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।