নাফ নদীতে সাঁতার কেটে ইয়াবা চালান করছিলেন মিয়ানমারের তরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

সাঁতার কেটে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা চালানের সময় এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার ভোররাতের দিকে নাফ নদীর জালিলের দিয়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ওই তরুণের নাম মো. কামাল হোসেন (২২)। তিনি মিয়ানমারের বুচিদং এলাকার মৃত আবদুল গাফ্ফারের ছেলে বলে জানিয়েছে বিজিবি। টেকনাফ–২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকের একটি চালান পাচার হচ্ছে—এমন সংবাদ পেয়ে বিজিবির দুটি বিশেষ টহল দল নাফ নদীর জালিলের দিয়ায় কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুই তরুণ একটি প্লাস্টিকের বস্তা নিয়ে নাফ নদী সাঁতরে দ্বীপে অবস্থানে নেন। এ সময় বিজিবির সদস্যরা তাঁদের ধরতে ধাওয়া করলে এক তরুণ পালিয়ে মিয়ানমার সীমান্তে চলে যান। এ সময় অপর তরুণকে ৮০ হাজার ইয়াবাসহ আটক করে বিজিবি।

টেকনাফ–২ বিজিবির অধিনায়ক খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, অনুপ্রবেশ ও মাদক বহনের অভিযোগে ওই তরুণের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে টেকনাফ মডেল থানা–পুলিশে সোপর্দ করা হবে।