সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়’ স্থাপন না করে কোনো এক পীর-মুর্শিদের নামে করার দাবিতে প্রচারপত্র বিতরণকালে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাঁদের উপজেলা পরিষদ ও বিসিক বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার হারুন-অর-রশিদ (২৫), বগুড়ার খান্দার এলাকার খন্দকার মোস্তাকিম (২৮), বগুড়া সদরের ওমর ফারুক (২৩), শরিফ হোসেন (৩৫) ও মুজাহিদ কাজী (২৮), নাটোরের গুরুদাসপুর উপজেলার মতিউর রহমান (২৫) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাহফুজুর রহমান (৪৫), উল্লাপাড়ার শাহিন আহমেদ (২৬) ও শাকিল আহম্মেদ (১৭)।
শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হাই জানান, প্রচারপত্র বিলির সময় উপজেলা পরিষদের চত্বরে সাতজন এবং জুমার নামাজের সময় বিসিক বাসস্ট্যান্ড এলাকার জামে মসজিদ এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন।
সিরাজগঞ্জের পুলিশ সুপার এমরান হোসেন জানান, প্রচারপত্র বিলির সময় পুলিশ তাঁদের হাতেনাতে আটক করেছে। এরা ঢাকার এক পীর সাহেবের মুরিদের কথা বললেও ওই পীরের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের কথা বলেছেন।
পঁচিশে বৈশাখ শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে। ওই দিনই প্রস্তাবিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।