নামজারির জন্য ঘুষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা এ কে এম সামসুদ্দোহার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি জায়গার নামজারি করার নামে লোকজনের কাছ থেকে ওই ঘুষ নিয়েছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ১০ ভুক্তভোগী।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০ সাল থেকে প্রতি নামজারির জন্য সরকারি ২৪৫ টাকা ফি নির্ধারণ ছিল। ওই ফি বৃদ্ধি করে গত ৩০ জুন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শফিউল আলমের স্বাক্ষরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১ হাজার ১৫০ টাকা করা হয়েছে।
কয়েকজন ভুক্তভোগী ও ওই লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপসহকারী ভূমি কর্মকর্তা এ কে এম সামসুদ্দোহা এলাকার লোকজনের কাছ থেকে প্রতি নামজারির জন্য চার-পাঁচ হাজার করে টাকা নেন। টাকা নেওয়ার ৯-১০ মাস হয়ে গেলেও তিনি কাউকেই কোনো নামজারি দেননি। টাকা ফেরত চাইলে ওই কর্মকর্তা মামলা দিয়ে হয়রানিসহ ভয়ভীতি প্রদর্শন করছেন। এমনকি কার্যালয়ে বসেই তিনি মাদক সেবন করেন। সম্প্রতি সামসুদ্দোহা পাশের নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে বদলি হয়ে যান।
জয়কালিপুর গ্রামের ভুক্তভোগী রানুয়ারা বেগম বলেন, ‘আমার জমির খারিজ (নামজারির) করতে সাত মাস আগে সামসুদ্দোহা স্যারকে নয় হাজার টাকা দিয়েছি, এখনো নামজারি হয়নি। ওপরের স্যারের নাম করে ঘুষ নিয়েছেন সামসুদ্দোহা।’
আকানগর গ্রামের মুন্সি মামুন বলেন, ‘জায়গার নামজারির জন্য ১০ মাস আগে সামসুদ্দোহা আমার কাছ থেকে আট হাজার টাকা ঘুষ নিয়েছেন। তিনি নামজারি তো করেননি, উল্টো টাকা ফেরত চাইলে মামলা দেওয়ার হুমকি দিচ্ছেন। টাকা ফেরত পেতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনও স্যারকে লিখিত অভিযোগ দিয়েছি।’
এ ব্যাপারে কথা বলতে সামসুদ্দোহার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ইউএনও নূর-ই-খাজা আলামীন বলেন, ‘সামসুদ্দোহার বিষয়ে গুরুতর অভিযোগ পেয়েছি। তিনি (সামসুদ্দোহা) বদলি হলেও তাঁকে রিলিজ করছি না। ওপরের স্যারের সঙ্গে কথা বলে সামসুদ্দোহার রিলিজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’