নামমাত্র কাজ করে কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ
নড়াইলের লোহাগড়া উপজেলায় নামমাত্র কাজ করে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা চার কিস্তিতে এই টাকা উত্তোলন করেছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, গত এপ্রিলে নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমানের অনুকূলে লোহাগড়া উপজেলায় কাবিটার ২৩টি প্রকল্পের বিপরীতে ৩৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে চার নম্বর প্রকল্প লক্ষ্মীপাশা কবরস্থানে মাটি ভরাটকাজে দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ছাড়া গত জুন মাসের প্রথম সপ্তাহে উপজেলায় সাংসদের অনুকূলে কাবিটার ছয়টি প্রকল্পের বিপরীতে নয় লাখ ৩৭ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে তিন নম্বর প্রকল্প লক্ষ্মীপাশা ঈদগাহ মাঠ মাটি দিয়ে ভরাটে দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলা পরিষদের পশ্চিম পাশে জামেয়া আরাবিয়া শামছুল উলুম মাদ্রাসা রয়েছে। এটি লক্ষ্মীপাশা কওমি মাদ্রাসা নামে পরিচিত। এ মাদ্রাসার চত্বরে ঈদের নামাজ হয়। এখানে লক্ষ্মীপাশা ঈদগাহ মাঠে মাটি ভরাট প্রকল্পে দেড় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পে ৩০ মিটার দৈর্ঘ্য, ২৪ মিটার প্রস্থ এবং তিন ফুট উচ্চতায় কাবিটার নীতিমালা অনুযায়ী দৈনিক মজুরিতে মাটি ভরাট করার কথা। সেখানে মাদ্রাসার চত্বরে মসজিদের উত্তর পাশে নামমাত্র বালু ফেলা হয়েছে।
প্রকল্পের সভাপতি ও মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রকিব প্রথম আলোকে বলেন, ‘বাবন শেখসহ আরও কয়েকজন এ কাজে বরাদ্দ এনে দিয়েছেন। বরাদ্দের অর্ধেক টাকায় কাজ সারতে হবে বলে আগেই জানিয়ে দেওয়া হয়। সে অনুযায়ী প্রকল্প কাজে ৬৫ হাজার টাকা দেওয়া হয়। এর মধ্যে ২৬ হাজার টাকার বালু এনে ফেলেছি। বাকি টাকা মাদ্রাসার ঘর নির্মাণে খরচ করা হয়েছে।’
এদিকে লক্ষ্মীপাশা কবরস্থানে মাটি ভরাট প্রকল্পে ১২০ ফুট দৈর্ঘ্য, ১২০ ফুট প্রস্থ এবং দেড় ফুট উচ্চতায় মাটি ভরাট করার কথা থাকলেও কবরস্থানের দক্ষিণ-পশ্চিম অংশে সামান্য মাটি ফেলা হয়েছে। কবরস্থানের সভাপতি মো. মমিনউদ্দীন মুন্সী বলেন, মাটি ভরাটকাজে নিয়োজিত শ্রমিকদের ভাষ্যমতে এখানে মাত্র ৪৫-৫০ হাজার টাকা খরচ করা হয়েছে।
এ প্রকল্পের সভাপতি বাবন শেখ লক্ষ্মীপাশা ঈদগাহ মাঠে মাটি ভরাট প্রকল্পে বরাদ্দের অর্ধেক টাকা দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘প্রকল্পের টাকা বরাদ্দ করাতে বিভিন্ন জায়গায় খরচ হয়। তাই পুরো টাকা দেওয়া যায়নি।’ কবরস্থানের পর্যাপ্ত বরাদ্দ না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘টাকা বরাদ্দ করানোর পর যা পেয়েছি, তার সবটুকুই খরচ করা হয়েছে।’
পিআইও মো. নজরুল ইসলাম বলেন, গত ৩০ জুন কাজের মেয়াদ শেষ হওয়ার আগেই চার কিস্তিতে ওই দুটি প্রকল্পের টাকা প্রকল্প সভাপতিরা উত্তোলন করে নিয়েছেন। কাজে অনিয়ম হয়ে থাকলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা শেখ হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমি দেখছি।’