নামমাত্র মূল্যে গাছ বিক্রির অভিযোগ

গাইবান্ধা জেলা পরিষদের মালিকানাধীন ২০ লাখ টাকা মূল্যের গাছ নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। জেলা পরিষদ কর্তৃপক্ষ ক্রেতাদের সঙ্গে যোগসাজশে কম মূল্যে এসব গাছ বিক্রি করে। ফলে পরিষদ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। ৪৩টি গাছের মধে৵ এ পর্যন্ত ২২টি গাছ কাটা হয়েছে।
জেলা পরিষদ কার্যালয় সূত্র জানায়, প্রায় ৩৫ কিলোমিটার দৈর্ঘ্য গাইবান্ধা-সাঘাটা সড়ক সম্প্রসারণের কাজ হাতে নেয় সড়ক বিভাগ। এ জন্য গত ১৮ জানুয়ারি ওই সড়কের গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহিনী থেকে সাঘাটা বাজার পর্যন্ত জেলা পরিষদের মালিকানাধীন ৪৩টি গাছ কাটার জন্য দরপত্র ডাকা হয়। ৩ লাখ ৬০ হাজার টাকায় এসব গাছ বিক্রি করা হয়েছে। গত ৬ এপ্রিল গাছ কাটার অনুমতি দেওয়া হয়। ২৮ এপ্রিল থেকে শুরু হয় গাছ কাটা। গতকাল বুধবার পর্যন্ত অর্ধেক গাছ কাটা হয়েছে।
গাছ ব্যবসায়ী ও করাতকল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ৪৩টি গাছের বেশির ভাগই রেইনট্রি। এর মধ্যে বেশির ভাগই পরিপক্ব গাছ। এগুলোর মূল্য ২০ লাখ টাকার বেশি। কিন্তু জেলা পরিষদ কর্তৃপক্ষ এ গাছগুলো মাত্র ৩ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করেছে।
ত্রিমোহিনী এলাকার ব্যবসায়ী মাসুম মিয়া বলেন, এই সড়কের বেশির ভাগ গাছের বয়স ১৫ থেকে ২০ বছর। তিনি আরও বলেন, টাকা লুটপাটের জন্যই এত কম দামে গাছগুলো বিক্রি করা হয়েছে।
একই উপজেলার বাদিয়াখালি গ্রামের চাকরিজীবী আবদুস সালাম (৪০) বলেন, ‘ছোটবেলা থেকেই এই সড়ক ধরে জেলা শহরে যাতায়াত করি। এসব গাছের বেশির ভাগই পুরোনো। বয়স্ক প্রতিটি গাছের মূল্য ৩০ থেকে ৪০ হাজার টাকা হবে।
গাইবান্ধা বন বিভাগের ফরেস্টার আবদুস সবুর বলেন, ‘আমি সদ্য যোগ দিয়েছি। গাছ কাটার অনুমতির বিষয়ে কিছু জানি না।’ তবে নাম প্রকাশ্যে অনিচ্ছুক গাইবান্ধা বন বিভাগের এক কর্মকর্তা বলেন, রংপুর বিভাগীয় কর্মকর্তার কার্যালয় থেকে ওই সড়কের গাছ কাটার অনুমতি দেওয়া হয়।
কম মূল্যে গাছ বিক্রির বিষয়ে জানতে জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সিদ্দিকুর রহমান মুঠোফোনে বলেন, যোগসাজশ করে কম মূল্যে গাছ বিক্রির অভিযোগ সঠিক নয়। দরপত্র আহ্বান করে গাছ বিক্রি করা হয়। সর্বোচ্চ দরদাতার কাছে গাছ বিক্রি করা হয়েছে।