নামাজের সময় উচ্চ স্বরে গান বাজানোয় হামলা
নামাজের সময় উচ্চ স্বরে গান বাজানোয় পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে ডিজিটাল মেলার সাংস্কৃতিক মঞ্চে স্থানীয় মুসল্লিরা হামলা চালিয়েছেন। গত সোমবার এশার নামাজের সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি মিলনায়তন চত্বরে দুই দিনব্যাপী উপজেলা ডিজিটাল মেলা শুরু হয়। সন্ধ্যায় মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মঞ্চে উচ্চ স্বরে গান বাজানো হচ্ছিল। এশার নামাজের পর মিলনায়তনসংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের ৪০–৫০ জন ক্ষুব্ধ মুসল্লি মেলা চত্বরে ঢুকে দর্শকদের জন্য রাখা চেয়ার মঞ্চ লক্ষ্য করে ছুড়তে থাকেন। এতে মঞ্চে থাকা বিভিন্ন বাদ্যযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। অনুষ্ঠান উপভোগ করতে আসা নারী ও শিশুরা ছোটাছুটি শুরু করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা মুনতাজেরী বলেন, ‘আমরা বরাবরই নামাজের সময়সূচি মেনেই অনুষ্ঠান পরিচালনা করি। কোনো কারণে হয়তো সেদিন নামাজ বিলম্বিত হয়েছিল।’
থানার ওসি মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রাতেই দুজনকে আটক করা হয়। পরে গতকাল মিলনায়তনের তত্ত্বাবধায়ক রবিউল আলম বাদী হয়ে চারজনের নামসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে সরকারি কাজে বাধা এবং সরকারি সম্পত্তির ক্ষতি সাধনের অভিযোগে থানায় মামলা করেন। আটক ব্যক্তিদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।