নামেই ধান সংগ্রহ অভিযান কাজে কিছুই না
বগুড়ার শেরপুরে সরকারি খাদ্যগুদামে বোরো মৌসুমের ধান সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে ফাইলবন্দী। বাস্তবে কোনো ধান সংগ্রহ করা হয়নি। নির্দিষ্ট সময়ের পর সংগ্রহ অভিযানের সময় আরও দুই দফা বাড়ালেও স্থানীয় কৃষকেরা খাদ্যগুদামে কোনো ধান দিতে পারেননি।
বগুড়া জেলা খাদ্য কর্মকর্তা জামাল হোসেন বলেন, খাদ্যগুদামে জায়গার সংকটের কারণেই শেরপুরে কৃষকের কাছ থেকে ধান নেওয়া যায়নি। নতুন করে এখন আর ধান নেওয়ার কোনো সম্ভাবনাও নেই।
শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম বলেন, গত বোরো মৌসুমে উপজেলায় ২০ হাজার ৫০০ হেক্টর জমিতে চাষ করে উৎপাদিত হয়েছে প্রায় ৮৯ হাজার মেট্রিক টন ধান। উপজেলায় এই ধান চাষে জড়িত ছিলেন প্রায় ৩০ হাজার কৃষক। সরকারিভাবে এই সংগ্রহ অভিযানের শুরুতেই ইউনিয়নভিত্তিক ধান উৎপাদনের তালিকা (জুলাই মাস) তিনি উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়েছেন।
উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বোরো মৌসুমের ধান সংগ্রহের তালিকায় শেরপুরে দুটি এলএসডি খাদ্যগুদামে প্রতি কেজি ২২ টাকা হিসাবে ৪১৪ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের নির্দেশনা ছিল। সংগ্রহ অভিযান চলতি বছরের ২৫ মে শুরু হয় এবং এই অভিযান আরও দুই দফা বর্ধিত করার পর ৭ অক্টোবর শেষ হয়।
উপজেলা খাদ্য কর্মকর্তা সুবল চন্দ্র বৈদ্য বলেন, উপজেলার দুটি এলএসডি খাদ্যগুদামে শুধু জায়গার সংকটের কারণে কৃষকের কাছে থেকে ধান কেনা সম্ভব হয়নি। স্থানীয় কৃষকেরা ধান নিয়ে এলেও ফিরিয়ে দিতে হয়েছে। খাদ্যগুদামে মজুত খাদ্যশস্য অন্যত্র স্থানান্তরের জন্য তিনি তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অনুরোধ জানান। বোরো মৌসুমে শেরপুর ও মির্জাপুর খাদ্যগুদামে সেদ্ধ ও আতপ চাল সংগ্রহের নির্দেশনা ছিল ১৭ হাজার ৬৬৩ মেট্রিক টন। কিন্তু গুদামে জায়গার সংকটের কারণে সময়সীমার মধ্যে ২৫০ মেট্রিক টন চালও নেওয়া যায়নি।
শেরপুর এলএসডি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নান শেখ বলেন, তাঁর পাঁচটি গুদামে ধারণক্ষমতা সাড়ে তিন হাজার মেট্রিক টন। অনুরূপ মির্জাপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জাকারিয়া আহমেদ বলেন, তাঁর চারটি গুদামের ধারণক্ষমতা ২ হাজার ৬০০ মেট্রিক টন।
গত শনিবার উপজেলার মির্জাপুর হাটে দেখা গেছে, প্রকারভেদে মোটা ধান প্রতি মণ ৫১০-৫২০ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার উপজেলার জামাইল হাটে দেখা গেছে, একই ধান বিক্রি হয়েছে প্রতি মণ ৫০০-৫১০ টাকায়।
উপজেলার গাড়িদহ এলাকার কৃষক আলতাব হোসেন বলেন, সরকারি খাদ্যগুদামে স্থানীয় পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান নেওয়া হলে স্থানীয় হাটেও ধানের দাম বেশি থাকত। কৃষকেরা আর্থিকভাবে লাভবান হতো। কিন্তু শেরপুরে বোরো ধান সংগ্রহ অভিযান এবার সরকারি কাগজেই লিপিবদ্ধ রয়েছে।