নারকেল গাছের গুঁড়ি নিয়ে ঝগড়ায় প্রাণ গেল একজনের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অবিনাশ সরকার (৫২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পোড়াবো এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অবিনাশ উপজেলার পোড়াবো এলাকার বাসিন্দা।
নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, অবিনাশের সঙ্গে তাঁর চাচাতো ভাই অর্জুনের দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ। স্থানীয় গ্রাম্য সালিসে বিরোধের নিষ্পত্তিও হয়। আজ সকালে নারকেল গাছের গুঁড়ি নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। অর্জুনের নেতৃত্বে ৮ থেকে ১০ জন মিলে অবিনাশকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় অবিনাশের ছেলে দুর্জয়, ভাতিজা যীষ্ণু ও প্রকাশ তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় অবিনাশকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাড়িঘরে তালা ঝুলিয়ে অর্জুনের বাড়ির লোকজন পালিয়ে যায়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।