৩ জেলায় গাড়িতে আগুন, চট্টগ্রামে ককটেল হামলা

অবরোধ চলাকালে আজ রোববার রাতে যশোর, নারায়ণগঞ্জ ও গাজীপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের পটিয়ায় বিয়ের গাড়িতে গাড়িতে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এসব এলাকা থেকে আমাদের ১০ জন আহত হওয়ার খবর জানিয়েছেন প্রতিনিধিরা।
নারায়ণগঞ্জ: রাত সাড়ে নয়টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের চাষাড়া সমবায় মার্কেটের সামনে যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা মেরে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আজিম গাজী নামের এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয় জনতা। পুলিশ ঘটনাস্থল থেকে দুই বোতল পেট্রোল ও বেশ কিছু জ্বালানি কাঠ উদ্ধার করেছে। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
যশোর: রাত সাড়ে আটটার দিকে শহরের বকচর এলাকার কোল্ডস্টোর মোড়ে থেমে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, বাসটি রং করার জন্য সড়কের পাশে রাখা ছিল। কে বা কারা এতে আগুন দেয়।
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার মেঘনা সাইকেল কারখানার সামনে রাত সাড়ে আটটার দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর থাকা চালক আবদুর রহমানের হাত ও পা আংশিক পুড়ে গেছে। তাঁকে মাওনা আলহেরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. তাশাররফ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে বাসের সব আসন পুড়ে গেছে।
শ্রীপুর থানার ওসি মহসীন উল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম: রাত সোয়া নয়টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কলেজ বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাসে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বাসের চার যাত্রী আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন, মুন্নি ধর (২৮), তাঁর স্বামী রিপন ধর (৪০), তাঁদের ছেলে দিপায়ন ধর (৬) ও স্বজন জিনু ধর (৪০)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা পটিয়া পৌর এলাকার গোবিন্দারখিল থেকে চট্টগ্রামে বিয়েতে যাচ্ছিলেন।
পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।