নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি তৈমুর গ্রেপ্তার
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে রাজধানীর পল্টনের মেহেরবা প্লাজা থেকে পল্টন থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
রাজধানীর বধির সংস্থার সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে তৈমুরের বিরুদ্ধে মামলা করা হয় বলে সংস্থার কয়েকজন নেতা প্রথম আলোর কাছে দাবি করেছেন।
তৈমুর বধির সংস্থার সভাপতি। বিএনপি সরকারের সময়ে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা-বিআরটিসির চেয়ারম্যান ছিলেন। সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তিনি মেয়র পদপ্রার্থী হয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম বলেন, ব্যবসায়ী সৈয়দ রুহুল আরেফিনের করা মামলার অভিযোগের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তোপখানা সড়কের মেহেরবা প্লাজার কার্যালয় থেকে তৈমুরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তৈমুরের বিরুদ্ধে চুরি, অনধিকার প্রবেশ, হুমকি দেওয়াসহ বিভিন্ন অভিযোগে ১১ সেপ্টেম্বর ওই মামলাটি করা হয়।
বধির সংস্থার কয়েকজন নেতা জানান, ব্যবসায়ী রুহুল আরেফিন সংস্থার ভূগর্ভস্থ তলা ভাড়া নিয়ে ব্যবসা করতেন। ভাড়া নিয়ে সংস্থার সঙ্গে রুহুল আরেফিনের বিরোধ তৈরি হয়। এ নিয়ে রুহুল আরেফিন হাইকোর্টে একটি মামলা করেন। সম্প্রতি সেই মামলার রায় সংস্থার পক্ষে আসে। এরপর রুহুল ক্ষুব্ধ হয়ে চুরির মামলা করেন।
পুলিশ জানায়, মামলায় অভিযোগ করা হয়, রুহুল আরেফিনের গুদামে তৈমুর অনধিকার প্রবেশ করে মালামাল চুরি ও নষ্ট করেছেন।
তৈমুরকে গ্রেপ্তার করে প্রথমে পল্টন থানায় নিয়ে আসা হয়। পরে বধিররা থানায় জড়ো হতে শুরু করলে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এদিকে তৈমুরকে গ্রেপ্তারের প্রতিবাদে সন্ধ্যা সাতটার দিকে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে নগর বিএনপি বিক্ষোভ মিছিল করতে চাইলে বাধা দেয় পুলিশ।
নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল জানান, তৈমুর আলম খন্দকার বধির ফেডারেশনের সভাপতি। ওই ফেডারেশনের একটি মামলায় ঢাকার পল্টন এলাকায় অবস্থিত মেহেরবা প্লাজায় তাঁর ব্যক্তিগত কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া সকালে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের সঙ্গে বাগ্বিতণ্ডার জের ধরে তাঁকে গ্রেপ্তার করা হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, তৈমুরের গ্রেপ্তারের খবর পেয়ে তাৎক্ষণিক নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হন। তাঁরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে স্লোগান দেন। তিনি অবিলম্বে তৈমুরের মুক্তির দাবি জানান।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।