নারায়ণগঞ্জে কোচিং সেন্টারে হামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইভ টিজিং ও মাদক ব্যবসার প্রতিবাদ করায় স্থানীয় একটি কোচিং সেন্টারে হামলা চালানো হয়েছে। গত মঙ্গলবার বিকেলে ফতুল্লার দাপা পাইলট স্কুলসংলগ্ন প্রবর্তন নামের ওই কোচিং সেন্টারে এ হামলা চালানো হয়। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
কোচিং সেন্টারটিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়ানো হয়। কোচিং সেন্টারের শিক্ষার্থীরা জানায়, স্থানীয় মাদক ব্যবসায়ী পান্না, শহীদুল ইসলাম, সুন্দর আলী, দেলুসহ ছয়-সাতজন কোচিং সেন্টারের পাশে রেলওয়ের জমিতে টিনের ঘর তুলে সেখানে মাদক বিক্রি ও সেবন করে আসছে। তারা রাস্তায় দাঁড়িয়ে স্কুল ও কোচিং সেন্টারে আসা-যাওয়ার পথে ছাত্রীদের উত্ত্যক্ত করে। কয়েক দিন আগে এর প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীরা কোচিং সেন্টারের পরিচালক নাঈম আহমদকে হুমকি-ধমকি দেয়। মঙ্গলবার বিকেলে কোচিং সেন্টারে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। ওই সময় মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ভেতরে ঢুকে শিক্ষার্থীদের ধাওয়া করে। এতে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।
গতকাল দুপুরে ওই মাদক ব্যবসায়ীরা আবারও দল বেঁধে কোচিং সেন্টারে এসে নাইম আহমদকে খুঁজতে থাকে। এ সময় শিক্ষা কার্যক্রম তারা বন্ধ করে দেয়। এরপর শিক্ষার্থীদের কোচিং সেন্টারে না আসার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় কোচিং সেন্টারের ১৫০ জন শিক্ষার্থী একত্র হয়ে ওই মাদক ব্যবসায়ীদের কথিত ক্লাবঘর ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ এসে শিকক্ষার্থীদের শান্ত করে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে চলে যায়।
নাঈম আহমেদ বলেন, ফতুল্লা রেলস্টেশন ও দাপা এলাকায় বিভিন্ন ধরনের মাদক প্রকাশ্যে বেচাকেনা চলে।
শিক্ষার্থীদের অভিযোগ, ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) কোরবান আলী ঘটনাস্থলে এসে ছাত্রীদের কাছ থেকে অভিযোগ নিয়ে মাদক ব্যবসায়ীদের কথিত ক্লাবটিতে যান। সেখানে মাদক সেবনের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করলেও কোনো ব্যবস্থা না নিয়েই ফিরে যান।
এসআই কোরবান আলী বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ নিয়ে এসেছি। সেখানে মাদক সেবনের কোনো সরঞ্জাম পাওয়া যায়নি। আর তদন্ত ছাড়া কোনো ঘর তালাবদ্ধ করা যায় না।’