নারায়ণগঞ্জে গৃহবধূকে কুপিয়ে শ্বাসরোধে হত্যা সতিন আটক
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল তাঁতীপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে লুৎফা বেগম (২৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সতিন আকলিমা বেগমকে আটক করেছে।
বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটলেও গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ গিয়ে ওই বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে স্বামী আবদুল কাদির পলাতক রয়েছেন। নিহত লুৎফা বেগম নওগাঁ জেলার মহাদেবপুর আন্দার কোটা এলাকার নজরুল ইসলামের মেয়ে।
নিহত গৃহবধূ লুৎফা বেগমের ছোট বোন নাজমা বেগম জানান, দুই বছরে আগে আবদুল কাদিরের সঙ্গে তাঁর বোনের দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে নগরের বাবুরাইল তাঁতীপাড়া এলাকার শুক্কুর মিয়ার বাড়িতে বসবাস শুরু করেন। তাঁদের ঘরে এক সন্তান রয়েছে। আবদুল কাদির এর আগে আকলিমা বেগম নামে একজনকে বিয়ে করেছিলেন। আকলিমা বেগম ভূঁইয়াপাড়া এলাকায় অপর একটি বাড়িতে তাঁদের ঘরের দুই সন্তান নিয়ে বসবাস করেন। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এই কলহের জের ধরে আকলিমা কৌশলে বুধবার রাতে লুৎফা বেগমের বাড়িতে এসে অবস্থান নেন এবং গভীর রাতে তাঁকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। এ সময় লুৎফা বেগমের গোঙানির শব্দে প্রতিবেশীরা এগিয়ে দরজা ভেঙে ভেতর থেকে আকলিমা বেগমকে আটক করেন। ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে সতিন আকলিমা বেগম কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছেন। প্রতিবেশীরা ধারালো অস্ত্রসহ তাঁকে হাতেনাতে আটক করেছেন।