নারায়ণগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ শহরের ভূঁইয়ারবাগ এলাকায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে নির্যাতনের পর তাঁর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত গৃহবধূর নাম আঁখি আক্তার (৩৫)। এ ঘটনায় পুলিশ তাঁর শাশুড়িসহ চারজনকে আটক করেছে।
নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, ২০০২ সালে শহরের ভূঁইয়ারবাগ এলাকার কাপড়ের ব্যবসায়ী মোহাম্মদ কাইয়ুমের সঙ্গে শহরের গলাচিপা এলাকার আঁখি আক্তারের বিয়ে হয়।
আঁখির বাবা আসলাম মিয়া অভিযোগ করেন, কাইয়ুম বিয়ের পর থেকেই আঁখিকে নানাভাবে শারীরিক নির্যাতন করতেন। গত মঙ্গলবার রাত একটার দিকে পারিবারিক কারণে কাইয়ুম ও তাঁর বড় ভাইয়ের স্ত্রী আঁখিকে মারধর করেন। একপর্যায়ে তাঁরা আঁখির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় আঁখির চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান। ভোরে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে কাইয়ুম পলাতক।
আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করে কাইয়ুম মুঠোফোনে জানান, এলাকার এক মাদকাসক্ত ছেলের সঙ্গে তাঁর ওঠাবসা করা নিয়ে রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে আঁখি নিজের ও তাঁর শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাঁদের বাড়ির ভাড়াটেরা দরজা ভেঙে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁদের দুজনকে হাসপাতালে নিয়ে যান। আগুনে তাঁর হাত ও পেট পুড়ে গেছে বলে দাবি করেন তিনি। এ সময় তিনি কোথায় চিকিৎসা নিয়েছেন জানতে চাইলে, তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।