নারায়ণগঞ্জে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কামতাল পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন কামতাল তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাসুদ, এক সহকারী উপপরিদর্শক নিয়ামতউল্লাহ এবং দুই কনস্টেবল আমির ও ইউসুফ ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) খ. মহিদ উদ্দিন বলেন, আজ শুক্রবার সকালে পুলিশের ওই চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নাম প্রকাশ না করে পুলিশের একটি গোপন সূত্র জানায়, এসআই মাসুদ মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত, এমন একটি অভিযোগ পান জেলা পুলিশ সুপার। তিনি জেলার এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বিষয়টি খতিয়ে দেখতে বলেন। গতকাল গভীর রাতে ওই এএসপি ক্রেতা সেজে ওই তদন্তকেন্দ্র যান। তিনি এসআই মাসুদকে ৯০০ ইয়াবা বড়িসহ হাতেনাতে ধরে ফেলেন। নিজেকে গোপালগঞ্জের বাসিন্দা দাবি করে মাসুদ ওই এএসপিকে দেখে নেওয়ার হুমকি দেন। এএসপি ব্যাপারটি এসপিকে জানান। এসপি পুলিশের ওই চার সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে নিয়ে আসেন। এ ব্যাপারে জানতে চাইলে খ. মহিদ উদ্দিন বলেন, ব্যাপারটি তদন্ত করে দেখা হচ্ছে।